প্রাথমিকভাবে ১০০টি ইউনিয়ন পরিষদে ফাইবার অপটিক কেব্ল (তার) সংযোগ দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের সব ইউনিয়ন পরিষদ ফাইবার অপটিক সংযোগের আওতায় আসবে। পাশাপাশি দেশের সাড়ে আট হাজার ডাকঘরে গ্রামের মানুষের জন্য ই-কেন্দ্র স্থাপন করা হচ্ছে। গতকাল বুধবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে চার দিনের ‘ডিজিটাল এক্সপো ২০১০’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব ঘোষণা দেন। বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্ক (উচ্চপ্রযুক্তি শিল্পাঞ্চল) গড়ে তোলার প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। এ ছাড়া রাজধানীর মহাখালীতে আইটি ভিলেজ (তথ্যপ্রযুক্তিপল্লি) গড়ে তোলা হবে। সম্প্রতি জেলা তথ্য বাতায়ন নামে ৬৪ জেলার ওয়েবসাইটগুলোর মধ্যে বেশ কয়েকটিতে হ্যাকিংয়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ওয়েবসাইটগুলোর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে। সরকারি ওয়েবসাইটগুলোর নিরাপত্তা রক্ষায় সার্বক্ষণিক পর্যবেক্ষণব্যবস্থা চালু করা হবে। ডিজিটাল বাংলাদেশের সঙ্গে টেলিযোগাযোগের নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশকে ই-গভর্ন্যান্সের আওতায় আনার জন্য টেলিযোগাযোগ-ব্যবস্থা জোরদার করা হচ্ছে। কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্যও সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী ফারুক খান, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার, এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং অর্গানাইজেশনের (অ্যাসোসিও) সভাপতি লুই কিয়েন লিয়ং, উপসভাপতি আবদুল্লাহ এইচ কাফী, আজিয়াটা বাংলাদেশের (রবি) ব্যবস্থাপনা পরিচালক মাইকেল কোয়েনার, সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির বক্তব্য দেন। তথ্যপ্রযুক্তির মাধ্যমে সামগ্রিক উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অ্যাসোসিও তথ্যপ্রযুক্তি পুরস্কার দেওয়া হয়। প্রধানমন্ত্রী এই পুরস্কার তরুণ প্রজন্মকে উৎসর্গ করেন। এর আগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা, ভারতের সাবেক আইসিটি মন্ত্রী প্রমোদ মহাজনসহ বেশ কয়েকজনকে এই পুরস্কার দিয়েছিল এশিয়া-ওশেনিয়া অঞ্চলের ২০টি দেশের তথ্যপ্রযুক্তি খাতের সংস্থাগুলোর সংগঠন অ্যাসোসিও। অনুষ্ঠানে বিসিএসের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ডিজিটাল গান শোনার যন্ত্র অ্যাপল আই-পড (৬৪ গিগাবাইট) এবং বঙ্কিম, রবীন্দ্র, শরত্, সুকান্ত ও জীবনানন্দ রচনাবলির ডিজিটাল সংস্করণ উপহার দেওয়া হয়। চার দিনের এ মেলায় ৪৫টি প্রতিষ্ঠানের ৪২টি স্টল ও ২০টি প্যাভিলিয়ন রয়েছে। সরকারের কৃষি, ধর্ম মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তর তাদের তথ্যপ্রযুক্তিভিত্তিক কার্যক্রম প্রদর্শন করছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকছে। মেলায় প্রবেশমূল্য ২০ টাকা। তবে বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনা মূল্যে মেলা দেখতে পারবে। পুরো মেলায় তারহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক-সুবিধা আছে, ফলে যে কেউ মেলা প্রাঙ্গণে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট প্রতিনিধিদলের সাক্ষাত্: গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের একটি প্রতিনিধিদল শেখ হাসিনার সঙ্গে দেখা করে। ২৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ কে আজাদ চৌধুরী। প্রধানমন্ত্রীর উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ, মশিউর রহমান ও গওহর রিজভী, মুখ্য সচিব আবদুল করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এবং প্রেস-সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন। সিনেট প্রতিনিধিদলে ছিলেন আনোয়ার হোসেন, মনজুরুল আহসান বুলবুল, লায়লা হাসান, মাহফুজা খানম, এনামুল হক চৌধুরী, আফজাল হোসাইন প্রমুখ।