মত রোকনউদ্দিন মাহমুদের
পর্ষদের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ইউনূস গ্রামীণ ব্যাংকের এমডি
গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ পরবর্তী সিদ্ধান্ত ও পদক্ষেপ না নেওয়া পর্যন্ত শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ও অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আছেন এবং থাকতে পারবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ।গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসায় সংবাদ ব্রিফিংয়ে রোকনউদ্দিন মাহমুদ এ মত দেন। এর ব্যাখ্যায় তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক গত ২ মার্চ গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানকে দেওয়া চিঠিতে জানায়, ইউনূসকে অব্যাহতি দেওয়া হোক। চিঠিতে এ ব্যাপারে ব্যাংকের পরিচালনা পর্ষদকে পদক্ষেপ নিতে বলা হয়। সুপ্রিম কোর্ট বলেছেন, ওই আদেশ বৈধ। তাহলে পরবর্তী পদক্ষেপ কী হবে, এ বিষয়ে পরিচালনা পর্ষদই সিদ্ধান্ত নেবে।ইউনূসের ও গ্রামীণ ব্যাংকের নয় পরিচালকের করা আপিল অনুমতির আবেদন (লিভ টু আপিল) গত বৃহস্পতিবার খারিজ করেন আপিল বিভাগ।আদালতের আদেশের পর ইউনূসের আইনগত অবস্থান সম্পর্কে রোকনউদ্দিন বলেন, বাংলাদেশ ব্যাংকের আদেশ কার্যকর করবে পরিচালনা পর্ষদ। ওই আদেশ কার্যকর না করা পর্যন্ত তত দিন ইউনূস এমডি হিসেবে বসছেন, আছেন এবং থাকবেন। দায়িত্ব তো বুঝিয়ে দিতে হবে। তিনি বলেন, উত্তরসূরি না আসা পর্যন্ত এবং দায়িত্ব বুঝে না নেওয়া পর্যন্ত তিনি (ইউনূস) থাকতে পারবেন। কোনো কিছু শূন্য রাখা যায় না। ওই চিঠির আলোকে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত ও পদক্ষেপ নেওয়ার কথা।ড. ইউনূসের আইনজীবী আরও বলেন, দ্য বল ইজ ইন দ্য কোর্ট অব দ্য বোর্ড অব ডাইরেক্টরস অব গ্রামীণ ব্যাংক। আইনের দৃষ্টিতে এমডি নিয়োগে সরকারের বক্তব্য রাখার সুযোগ নেই। তিনি বলেন, ওই চিঠিতে বলা হয়নি, এখনই দায়িত্ব বুঝিয়ে দেন। কত দিনের মধ্যে সভা ডাকতে হবে, তা-ও বলা হয়নি।ইউনূসের এমডি পদে থাকার সুযোগ নেই—অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের এই বক্তব্য সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে রোকনউদ্দিন মাহমুদ বলেন, ‘আমি মনে করি, এটা তাঁর ব্যক্তিগত মত।’ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের জন্য ওঠা অনুরোধ প্রসঙ্গে তিনি বলেন, এই অনুরোধ বিবেচনার এখতিয়ার সরকারের। কারণ চেয়ারম্যান নিয়োগ দেওয়ার ও অব্যাহতির এখতিয়ার সরকারের রয়েছে। পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) করা হবে কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ জন্য পূর্ণাঙ্গ রায় দেখতে হবে। রায় দেখে বলতে পারব, রিভিউ হচ্ছে কি না। তবে এখানে রিভিউ করার মতো অনেক উপাত্ত থাকবে।’