পলওয়েল মার্কেট থেকে ৪০০ জোড়া হাতকড়া উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াপল্টনের পলওয়েল মার্কেট থেকে গতকাল বুধবার বিকেলে ৪০০ জোড়া হাতকড়া জব্দ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ছাড়া গত মঙ্গলবার পান্থপথ থেকে ডিবি পরিচয় দেওয়া পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।ডিবির উপকমিশনার (পশ্চিম) মোল্লা নজরুল ইসলাম বলেন, পলওয়েল মার্কেটে দীর্ঘদিন ধরে হাতকড়া বিক্রি হচ্ছে। ওই হাতকড়াগুলো জব্দ করে দোকানিদের ভবিষ্যতে হাতকড়া ক্রয়-বিক্রয় করতে নিষেধ করা হয়েছে। এর পরও সেখানে হাতকড়া পাওয়া গেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।ঢাকা মহানগরের ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম মজুমদারের লাশ হাতকড়া পরা অবস্থায় গত শনিবার কুষ্টিয়ার কুমারখালী থেকে উদ্ধার করা হয়। ওই হাতকড়ায় খোদাই করে পুলিশ লেখা ছিল। এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন বলেছেন, বাজারে পুলিশ লেখা হাতকড়া কিনতে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীরা এই সুযোগ কাজে লাগিয়েছে।তবে, উপকমিশনার মোল্লা নজরুল জানান, গতকাল পলওয়েল মার্কেট থেকে উদ্ধার হওয়া হাতকড়াগুলোতে পুলিশ লেখা ছিল না।পলওয়েল মার্কেটে পুলিশের পোশাক, বেল্ট, বুট, টুপি, ব্যাজ, পানির বোতলসহ বিভিন্ন সামগ্রী বিক্রি হয়।এদিকে গত মঙ্গলবার কলাবাগান থানাধীন পান্থপথ থেকে ডিবি পরিচয়ে ছিনতাই-ডাকাতি করার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ডিবি। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: মো. মামুন (৩০), এবাদুল (৩৬), রাসেল (২৫), সালাম ফরায়েজী (৪২) ও তোতা ওরফে লিটন (৩০)। তাঁদের কাছ থেকে একটি ওয়্যারলেস, একজোড়া হাতকড়া, ডিবি লেখা একটি জ্যাকেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।এর আগে ১ জানুয়ারি উত্তরা থেকে ডিবি পরিচয়দানকারী আরও সাতজনকে গ্রেপ্তার করে ডিবি। ডিবি সূত্র জানায়, তাঁরা ডিবির পরিচয় দিয়ে মানুষকে গাড়িতে তুলে সর্বস্ব ছিনিয়ে নিতেন।