পলা মনজিলাসহ লর্ড সভার তিনজনের সদস্যপদ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগে লর্ড সভার তিন সদস্যের সদস্যপদ গতকাল বৃহস্পতিবার স্থগিত করা হয়েছে। তাঁদের মধ্যে লর্ড সভার প্রথম মুসলিম নারী বাংলাদেশি বংশোদ্ভূত পলা মনজিলা উদ্দিনও রয়েছেন। সদস্যপদ স্থগিত হওয়া অপর দুই সদস্য হলেন, ভারতীয় বংশোদ্ভূত স্বরাজ পাল ও ব্যবসায়ী আমির আলী ভাটিয়া। তিন সদস্যের বিরুদ্ধেই অভিযোগ, তাঁরা লন্ডনে নিজেদের বাড়িতে থেকেও শহরের বাইরে প্রধান আবাসস্থল দেখিয়ে হাজার হাজার পাউন্ড সরকারি ভাতা নিয়েছেন। খবর এএফপি, বিবিসি ও টেলিগ্রাফ।ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির সদস্য পলা মনজিলা উদ্দিনের সদস্যপদ স্থগিত করা হয়েছে ২০১২ সালের সানডে স্টারের আগে পার্লামেন্টের অধিবেশন শেষ হওয়া পর্যন্ত। একই সঙ্গে সরকারি কোষাগার থেকে তুলে নেওয়া এক লাখ ২৫ হাজার ৩৪৯ পাউন্ড (প্রায় দুই লাখ ডলার) ফেরত দিতে বলা হয়েছে তাঁকে।নির্দলীয় সদস্য ভাটিয়ার সদস্যপদ স্থগিত করা হয়েছে আট মাসের জন্য। তিনি ইতিমধ্যে ২৭ হাজার পাউন্ড ফেরত দিয়েছেন।লেবার পার্টির অপর সদস্য স্বরাজ পালের সদস্যপদ স্থগিত করা হয়েছে চার মাসের জন্য। তিনিও ফেরত দিয়েছেন প্রায় ৪২ হাজার পাউন্ড।লর্ড সভার বিশেষাধিকার ও আচরণ কমিটি তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করে। গতকাল হাউসের পূর্ণাঙ্গ অধিবেশনে এ-সংক্রান্ত প্রস্তাব পাস হয়। এই ঘটনাকে গত ৩০০ বছরের ইতিহাসে লর্ড সভার সদস্যদের বিরুদ্ধে সবচেয়ে কঠোর ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হচ্ছে।এ বিষয়ে লর্ড সভায় বিতর্ক চলাকালে লেবার পার্টির সদস্য ওয়াহিদ আলী তিনজন সদস্যের বিরুদ্ধে আনীত সদস্যপদ স্থগিতের প্রস্তাবের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বলেন, তাঁরা সম্ভবত বর্ণবাদী আচরণেরও শিকার হচ্ছেন। তিনি বলেন, যাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাঁরা সবাই এশীয়। এদিকে লন্ডনে লেবার পার্টির একজন মুখপাত্র নিশ্চিত করেন যে, স্বরাজ পাল ইতিমধ্যেই পার্টি থেকে পদত্যাগ করেছেন। আর পলা মনজিলাকে বহিষ্কারের উদ্যোগ হিসেবে তাঁর সদস্যপদ স্থগিত করা হয়েছে।