পলাতক আযাদের বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে গণহত্যার একটিসহ আটটি অভিযোগ আনা হয়েছে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল রোববার এ আদেশ দেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি ওবায়দুল হাসান ও মো. শাহিনুর ইসলাম। এ আদেশের মধ্য দিয়ে পলাতক আযাদের বিরুদ্ধে তাঁর অনুপস্থিতিতে বিচারকাজ শুরু হলো। ১৪ নভেম্বর রাষ্ট্রপক্ষ সূচনা বক্তব্য উপস্থাপন করবে। ট্রাইব্যুনালে আসামির অনুপস্থিতিতে এটিই হবে প্রথম বিচার।আদেশে একাত্তরে মুক্তিযুদ্ধকালে ‘বাচ্চু রাজাকার’ নামে বেশি পরিচিত আবুল কালাম আযাদের বিরুদ্ধে ছয় ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। এগুলো হলো: গণহত্যা, হত্যা, ধর্ষণ, অপহরণ, আটক রাখা ও নির্যাতন।আদেশে ট্রাইব্যুনাল বলেন, ১৯৪৭ সালের ৫ মার্চ ফরিদপুরের বড়খাড়দিয়া গ্রামে জন্মগ্রহণকারী আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজেন্দ্র কলেজে লেখাপড়া করেন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) সভাপতি আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। আনুষ্ঠানিকভাবে রাজাকার বাহিনী গঠনের আগ পর্যন্ত তিনি পাকিস্তানি সেনাদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করেন। একাত্তরের ২১ এপ্রিল তিনি স্বাধীনতাবিরোধী শক্তিগুলোর সঙ্গে একত্র হয়ে ফরিদপুরে পাকিস্তানি সেনাদের অভ্যর্থনা জানান। তিনি স্থানীয় রাজাকার বাহিনীর দায়িত্বে ছিলেন এবং আলবদর বাহিনীর প্রধান ছিলেন। পাকিস্তানি সেনাদের সঙ্গে মিলে তিনি স্থানীয় হিন্দু সম্প্রদায় ও স্বাধীনতার পক্ষের বাঙালি জনগোষ্ঠীর ওপর নৃশংসতা চালান।অপহরণ, আটক রাখা ও নির্যাতনের অভিযোগ: প্রথম, দ্বিতীয় ও অষ্টম অভিযোগে আযাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে অপহরণ, আটক রাখা ও নির্যাতনের অভিযোগ আনা হয়। প্রথম অভিযোগ অনুসারে, একাত্তরের জুন মাসের প্রথম সপ্তাহে সকাল ১০টার দিকে আযাদ ও তাঁর সহযোগীরা ফরিদপুর শহরের খাবাশপুরের রণজিৎ নাথ ওরফে বাবু নাথকে ধরে নির্যাতন করে সার্কিট হাউসে নিয়ে যান। সেখানে পাকিস্তানি সেনাবাহিনীর মেজর আকরাম কোরাইশির সঙ্গে মুজাহিদও উপস্থিত ছিলেন। আযাদ তাঁদের সঙ্গে আলোচনা করার পর রণজিৎকে হত্যার জন্য ফরিদপুর জিলা স্কুলের সামনে এবং পরে বিহারি কলোনির পূর্বাংশে মোল্লাবাড়ি রোডে রশিদ মিয়ার বাড়িতে নিয়ে যান। সেখানে আটকে রেখে রণজিৎকে নির্যাতন করা হয়। তবে রাত দুইটা-আড়াইটার দিকে রণজিৎ জানালা ভেঙে পালিয়ে যান।দ্বিতীয় অভিযোগে বলা হয়, ২৬ জুলাই বেলা ১১টার দিকে আলফাডাঙ্গা থেকে ধরে আনা আবু ইউসুফকে ফরিদপুর স্টেডিয়ামে আটকে রেখে আযাদ অমানবিক নির্যাতন করেন। ইউসুফ স্টেডিয়ামের বিভিন্ন ঘরে খলিলুর রহমান, মাসুদ, হামিদসহ ৪০০-৫০০ নারী ও পুরুষকে আটক অবস্থায় দেখেন। ইউসুফ সেখানে এক মাস ১৩ দিন আটক থাকাকালে আযাদ ও তাঁর সহযোগীদের কিশোরীদের অপহরণ করে এনে নির্যাতন করতে দেখেন।অষ্টম অভিযোগ অনুসারে, ১৮ মে সকাল ১০টার দিকে আযাদ সাত-আটজন রাজাকারকে নিয়ে সালথা থানার উজিরপুর বাজারপাড়া গ্রাম থেকে হিন্দু এক তরুণীকে অপহরণ করে খাড়দিয়া গ্রামের চান কাজীর বাড়িতে আটকে রেখে নির্যাতন করেন। সাত-আট দিন পর ওই তরুণী মুক্তি পান।হত্যা: তৃতীয়, চতুর্থ ও ষষ্ঠ অভিযোগে আযাদের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। তৃতীয় অভিযোগ অনুসারে, ১৪ মে আযাদ ১০-১২ জন রাজাকারসহ বোয়ালমারী থানার কলারন গ্রামের সুধাংশু মোহন রায়কে গুলি করে হত্যা করেন। এ সময় সুধাংশুর বড় ছেলে মনিময় রায় গুলিতে গুরুতর আহত হন। চতুর্থ অভিযোগে বলা হয়, ১৬ মে বেলা তিনটার দিকে আযাদ ১০-১২ জন রাজাকার নিয়ে সালথা থানার (সাবেক নগরকান্দা) পুরুরা নমপাড়া গ্রামে যান এবং মাধব চন্দ্র বিশ্বাসকে গুলি করে হত্যা করেন। ষষ্ঠ অভিযোগে রয়েছে, ৩ জুন আযাদ ও ১০-১২ জন রাজাকার সালথার ফুলবাড়িয়া গ্রামের হিন্দুপাড়ায় লুটপাটের পর চিত্তরঞ্জন দাসকে গুলি করে হত্যা করেন।ধর্ষণ: পঞ্চম অভিযোগ অনুসারে, ৮ জুন দুপুর ১২টার দিকে আযাদ ১০-১২ জন রাজাকারকে নিয়ে বোয়ালমারী থানার নতিবদিয়া গ্রামের এক হিন্দু বাড়িতে হামলা চালান। আযাদ ও তাঁর চার-পাঁচজন সহযোগী ওই বাড়ির দুই নারীকে ধর্ষণ করেন।গণহত্যা: সপ্তম অভিযোগ অনুসারে, একাত্তরের ১৭ মে আযাদ ৩০-৩৫ জন রাজাকারকে নিয়ে বোয়ালমারী থানার হাসামদিয়া গ্রামের হিন্দুপাড়ায় বাড়িঘর লুট ও অগ্নিসংযোগ করেন। পরে নির্বিচারে গুলি করে শরৎ চন্দ্র পোদ্দার, সুরেশ পোদ্দার, শ্যামাপদ পোদ্দার, যতীন্দ্র মোহন সাহা, নীল রতন সমাদ্দার, সুবল কয়াল ও মল্লিক চক্রবর্তীকে হত্যা করা হয়। হরিপদ সাহা ও প্রবীর কুমার সাহা ওরফে পুইট্যাকে অপহরণের পর ময়েনদিয়া বাজারের নদীর ঘাটে গুলি করে হত্যা করা হয়।বেলা আড়াইটা থেকে প্রায় পৌনে এক ঘণ্টা ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের আদেশ দেন। আদেশের শেষ পর্যায়ে ট্রাইব্যুনাল বলেন, আসামি আবুল কালাম আযাদ আত্মগোপনে থাকায় তিনি দোষ স্বীকার করেন কি না, তা জিজ্ঞাসা করা সম্ভব হলো না। পরে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের জন্য ১৪ নভেম্বর দিন ধার্য করে ওই দিন আসামিপক্ষের সাক্ষীর তালিকা ও সংশ্লিষ্ট নথিপত্র জমা দেওয়ার নির্দেশ দেন।আযাদের পক্ষে ইতিমধ্যে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবদুস শুকুর খানকে নিয়োগ দেওয়া হয়েছে।রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩ এপ্রিল আযাদের বিরুদ্ধে এই ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু পুলিশ তাঁর উত্তরখানের বাড়ি ‘আযাদ ভিলা’য় গিয়ে তাঁকে পায়নি। ২ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। ২৫ সেপ্টেম্বর আযাদকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করলেও তিনি হাজির হননি।