পলাতক আযাদের বিরুদ্ধে গণহত্যাসহ ১০ অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল রোববার দাখিল করা এই অভিযোগে তাঁর বিরুদ্ধে দুটি গণহত্যাসহ মোট ১০টি অভিযোগ আনা হয়েছে।জানতে চাইলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দুপুরে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ১০টি অভিযোগ আনা হয়েছে। অভিযোগ আমলে নেওয়ার জন্য ট্রাইব্যুনালের কাছে আবেদন করেছি। ট্রাইব্যুনাল তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে তিনি পলাতক আছেন, এ জন্য তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতেও আবেদনে বলা হয়েছে।’রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩ এপ্রিল বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সুষ্ঠু ও কার্যকর তদন্তের স্বার্থে আবুল কালাম আযাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু ওই দিন পুলিশ দক্ষিণখানে তাঁর বাড়িতে গিয়ে তাঁকে পায়নি। তিনি পলাতক রয়েছেন।গণহত্যার দুই অভিযোগ: রাষ্ট্রপক্ষের সূত্র জানায়, আবুল কালাম আযাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগে মুক্তিযুদ্ধকালে যে ১০টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে, সেগুলোর মধ্যে দুটি হলো গণহত্যার। গণহত্যার একটি অভিযোগে বলা হয়েছে, একাত্তরের ২১ এপ্রিল পাকিস্তান সেনাবাহিনীর মেজর আকরাম কোরাইশির নেতৃত্বে ৩০০-৪০০ পাকিস্তানি সেনাকে ফরিদপুরের গোয়ালচামটে স্থানীয় জামায়াত, মুসলিম লীগ, কনভেনশন মুসলিম লীগ প্রভৃতি রাজনৈতিক দলের নেতারা সংবর্ধনা দেন। ওই নেতাদের সঙ্গে ইসলামী ছাত্র সংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) সদস্য আবুল কালাম আযাদও ছিলেন। ওই দিন ফরিদপুর শহরে ঢোকার পথে পাকিস্তানি সেনারা প্রভু জগদ্বন্ধু আশ্রমে ঢুকে আটজন হিন্দু পূজারিকে প্রার্থনারত অবস্থায় হত্যা করে।গণহত্যার অপর অভিযোগে বলা হয়েছে, একাত্তরের মে মাসের এক ভোরে বাচ্চু রাজাকার ৩০-৩২ জন পাকিস্তানি সেনা সঙ্গে নিয়ে নৌকাযোগে ফরিদপুরের বোয়ালমারী থানার হাসামদিয়া গ্রামের হিন্দুপাড়ায় যান। সেখানে নির্বিচারে গুলি চালিয়ে বেশ কয়েকজন হিন্দুকে হত্যার পর তারা ময়েনদিয়া বাজারের দোকানপাট লুট করে জ্বালিয়ে দেয়। পরে বাচ্চু রাজাকার ও পাকিস্তানি সেনারা নৌকাভর্তি লুটের মালামাল নিয়ে চলে যান।মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা গত বছরের ১০ এপ্রিল আবুল কালাম আযাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে। চলতি বছরের ২৬ জুলাই এই তদন্ত শেষ হয়। তদন্ত প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে গণহত্যা, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন, ধর্মান্তরিত করা ও দেশান্তরে বাধ্য করার অভিযোগ আনা হয়। তদন্ত সংস্থা ২৯ জুলাই রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কাছে তদন্ত প্রতিবেদন দেয়।তদন্ত প্রতিবেদন অনুসারে, একাত্তরের মে মাসের প্রথম দিকে ফরিদপুরে আবুল কালাম আযাদের নেতৃত্বে রাজাকার বাহিনী গঠিত হয়। পরে পাকিস্তানি সেনারা তাঁকে ফরিদপুরে আলবদর বাহিনীর প্রধানের দায়িত্ব দেয়। মুক্তিযুদ্ধকালে তিনি অসংখ্য মানুষকে হত্যার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। নিহত ব্যক্তিদের মধ্যে ১৪ জনের পরিচয় ও বিস্তারিত তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অসংখ্য অভিযোগও পাওয়া গেছে। ধর্ষণের শিকার নারীদের মধ্যে তিনজনের পরিচিতিসহ বিস্তারিত তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে নয়জনকে অপহরণ, ১০ জনকে আটক, পাঁচটি বাড়িতে অগ্নিসংযোগ এবং ১৫টি বাড়ির মালামাল লুণ্ঠনের অভিযোগ রয়েছে।