পলাতক আযাদের বিরুদ্ধে মামলার রায় আজ
জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আজ সোমবার। তিনি পলাতক রয়েছেন। এটি হবে একাত্তরে মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা মামলার প্রথম রায়।মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২-এ থাকা মোট নয়টি মামলার মধ্যে আযাদের বিরুদ্ধে মামলাটির বিচারকাজ হয়েছে ট্রাইব্যুনাল-২-এ।ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে এম নাসির উদ্দিন মাহমুদ গতকাল রোববার সংবাদ ব্রিফিংয়ে বলেন, আবুল কালাম আযাদের বিরুদ্ধে মামলায় গত বছরের ২৬ ডিসেম্বর যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল-২ এ রায় অপেক্ষাধীন (সিএভি) রেখেছিলেন। সোমবার (আজ) এ মামলার রায় ঘোষণা করা হবে। এ জন্য ট্রাইব্যুনাল আজ কার্যতালিকায় এ মামলার কার্যক্রমের দিন ধার্য করেছেন। বেলা ১১টায় রেজিস্ট্রারের কক্ষে এই ব্রিফিং হয়।গতকাল বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ কার্যক্রম শেষে এই ব্রিফিং হয়।একই ট্রাইব্যুনালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মামলার রায় অপেক্ষাধীন আছে। ট্রাইব্যুনাল-১-এ জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলায় আবার যুক্তি উপস্থাপন চলছে।রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ সাংবাদিকদের বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলার এই রায় হবে যুগান্তকারী ঘটনা।আযাদের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারের বিরুদ্ধে আনীত অভিযোগের বেশির ভাগের বিষয়ে নির্যাতিত ও প্রত্যক্ষদর্শীরা সাক্ষ্য দিয়েছেন। এর মাধ্যমে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে তাঁর (আযাদের) বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে পেরেছে।’ এ মামলায় রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী আবদুস শুকুর খান মুঠোফোনে বলেন, আযাদের পরিবারের সদস্যদের কাছে এ মামলার বিষয়ে সহায়তা চেয়েও তিনি পাননি। তাই আসামির পক্ষে কোনো সাক্ষী হাজির করতে পারেননি। তিনি বলেন, সীমিত নথি দিয়ে যুক্তি উপস্থাপনের মাধ্যমে তিনি আযাদকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেছেন।এদিকে রায় ঘোষণার পর যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান।মামলা ও বিচার কার্যক্রম: আযাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শুরু হয় ২০১১ সালের ১০ এপ্রিল। এ মামলার তদন্ত কর্মকর্তা নূর হোসেন। গত বছরের ২৫ মার্চ রাষ্ট্রপক্ষ তদন্তের বিষয়টি ট্রাইব্যুনাল-২-এ আনে এবং ‘সুষ্ঠু তদন্তের স্বার্থে’ আযাদকে গ্রেপ্তারের আবেদন করে। ৩ এপ্রিল ট্রাইব্যুনাল আযাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু সেদিন রাজধানীর উত্তরখানে আযাদের বাসভবন ‘আযাদ ভিলা’য় গিয়ে পুলিশ তাঁকে পায়নি। তিনি এর আগেই পালিয়ে যান। ২৫ সেপ্টেম্বর জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে তাঁকে সাত দিনের মধ্যে ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়। তিনি হাজির না হওয়ায় ট্রাইব্যুনাল তাঁকে পলাতক ঘোষণা করে তাঁর অনুপস্থিতিতে বিচারকাজ শুরু করেন। ট্রাইব্যুনাল ৭ অক্টোবর তাঁর পক্ষে আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবদুস শুকুর খানকে নিয়োগ দেন।গত বছরের ৪ নভেম্বর আযাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। ২৬ নভেম্বর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শুরু হয়, চলে ২০ ডিসেম্বর পর্যন্ত। তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের ২২ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। তবে আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী কোনো সাক্ষী হাজির করতে পারেননি। ২৩ ডিসেম্বর দুই পক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয়। ২৬ ডিসেম্বর যুক্তি উপস্থাপন শেষে ট্রাইব্যুনাল মামলার রায় অপেক্ষমাণ রাখেন।আযাদের বিরুদ্ধে আট অভিযোগট্রাইব্যুনাল আযাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ৩(২) ধারায় আট ধরনের অভিযোগ গঠন করেন।প্রথম অভিযোগ অনুসারে, একাত্তরের জুন মাসের প্রথম সপ্তাহে আযাদ ও তাঁর সহযোগীরা ফরিদপুর শহরের খাবাশপুর থেকে রণজিৎ নাথ ওরফে বাবু নাথকে ধরে নির্যাতন করেন। তবে রাত দুইটা-আড়াইটার দিকে তিনি পালাতে সক্ষম হন।দ্বিতীয় অভিযোগ, ২৬ জুলাই আলফাডাঙ্গা থেকে আবু ইউসুফ পাখিকে ধরে এনে ফরিদপুর স্টেডিয়ামে আটক রাখা হয়। আযাদ পাকিস্তানি মেজর আকরামের সঙ্গে আলোচনা করে পাখিকে আটক রাখেন এবং অমানবিক নির্যাতন করেন।তৃতীয় অভিযোগ অনুসারে, ১৪ মে আযাদ ফরিদপুরের বোয়ালমারী থানার কলারন গ্রামের জমিদার সুধাংশু মোহন রায় ও তাঁর বড় ছেলে মণিময় রায়কে বাড়ির পাশের রাস্তায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বাড়ি ফিরতে বলেন। তাঁরা বাড়ির দিকে রওনা হলে আযাদ পেছন থেকে রাইফেল দিয়ে গুলি করেন। এতে সুধাংশু নিহত ও মণিময় গুরুতর আহত হন।চতুর্থ অভিযোগ, ১৬ মে আযাদ রাজাকারদের নিয়ে সালথা থানার (সাবেক নগরকান্দা) পুরুরা নমপাড়া গ্রামে মাধবচন্দ্র বিশ্বাসের বাড়িতে লুটপাট করেন। মাধবকে বাড়ি থেকে টেনেহিঁচড়ে নিয়ে আযাদ গুলি করে হত্যা করেন।পঞ্চম অভিযোগ অনুসারে, ৮ জুন আযাদ ও তাঁর চার-পাঁচজন সহযোগী বোয়ালমারীর নতিবদিয়া গ্রামের এক হিন্দু বাড়িতে দুই নারীকে গণধর্ষণ করেন।ষষ্ঠ অভিযোগে বলা হয়, ৩ জুন আযাদ ও তাঁর সহযোগীরা সালথা থানার ফুলবাড়িয়া গ্রামের হিন্দুপাড়ায় লুটপাট শেষে চিত্তরঞ্জন দাসকে গুলি করে হত্যা করেন।সপ্তম অভিযোগ অনুসারে, ১৭ মে আযাদ ৩০-৩৫ জন রাজাকারকে নিয়ে বোয়ালমারীর হাসামদিয়া গ্রামের হিন্দুপাড়ায় নির্বিচারে গুলি চালিয়ে শরৎচন্দ্র পোদ্দার, সুরেশ পোদ্দার, শ্যামাপদ পোদ্দার, জতীন্দ্র মোহন সাহা, নীল রতন সমাদ্দার, সুবল কয়াল এবং মল্লিক চক্রবর্তীকে হত্যা করেন। সেখান থেকে হরিপদ সাহা ও প্রবীর কুমার সাহা ওরফে পুইট্যাকে অপহরণ করে ময়েনদিয়া বাজারের নদীর ঘাটে নিয়ে গুলি করে হত্যা করা হয়।অষ্টম অভিযোগ অনুসারে, ১৮ মে আযাদ সাত-আটজন রাজাকারকে নিয়ে সালথা থানার উজিরপুর বাজারপাড়া গ্রামের এক সংখ্যালঘু তরুণীকে অপহরণ করে খাড়দিয়া গ্রামের চান কাজীর বাড়িতে আটকে রেখে নির্যাতন করেন। সাত-আট দিন পর ওই তরুণী মুক্তি পান।