বিডিআর বিদ্রোহ মামলা
পলাতক আসামিদের আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
বিডিআর বিদ্রোহসংক্রান্ত হত্যা মামলায় পলাতক আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে বিজ্ঞপ্তি জারিসংক্রান্ত প্রতিবেদন আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। আজ বুধবার মহানগর হাকিম মেহেদী হাসান তালুকদার এ আদেশ দেন। গত ২৬ জুলাই বিডিআর বিদ্রোহ ও পিলখানা হত্যাযজ্ঞের মামলায় অভিযোগপত্র গ্রহণ করে এক হাজার ৫০৪ জওয়ানকে অব্যাহতি দেন আদালত। একই সঙ্গে আদালত এ মামলার পলাতক ২১ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি ও মালামাল ক্রোকের পরোয়ানা জারি করেন।আদালত পিলখানা হত্যাযজ্ঞের মামলায় অভিযোগপত্র গ্রহণ করে এক হাজার ৫০৪ জওয়ানকে অব্যাহতি দিয়েছেন। একই সঙ্গে এ মামলার পলাতক ২১ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি ও ক্রোক পরোয়ানা জারি করা হয়।তবে অব্যাহতি পাওয়া এক হাজার ৫০৪ জওয়ানের বিরুদ্ধে বিডিআরের নিজস্ব আইনে বিদ্রোহের অভিযোগে মামলা চলবে। বাংলাদেশে এটিই প্রথম মামলা, যাতে এত বিপুলসংখ্যক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া মন্ত্রী, সাংসদ, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান এবং পুলিশের মহাপরিদর্শকসহ ১৪ জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সাক্ষী করা হয়েছে। গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহে বিডিআর জওয়ানদের হাতে ৫৭ জন কর্মকর্তা ও তিন নারীসহ ৭৪ জন প্রাণ হারান। রাজধানীর নিউমার্কেট থানায় দায়ের করা এ মামলার তদন্তের দায়িত্ব পায় সিআইডি। সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ মামলাটি তদন্ত করেন। এ ছাড়া ২০০ কর্মকর্তা দিনরাত কাজ করেন। এফবিআই ও স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশ তদন্তকাজে সহায়তা করে। সিআইডি পুলিশ ৫০০ দিন ধরে মামলাটি তদন্ত করে। সিআইডি মামলাটি তদন্তকালে দুই হাজার ৩০৭ জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে ৩৯ জন বেসামরিক। এ মামলায় বিএনপির নেতা নাসিরউদ্দিন পিন্টু ও আওয়ামী লীগের নেতা তোরাব আলীকেও আসামি করা হয়েছে।