পলাতক আসামিদের ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বিদেশে পলাতক বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে না আনার ব্যাপারে আন্তর্জাতিক কোনো চাপ নেই। বর্তমান সরকারের মেয়াদেই পলাতক আসামিদের ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে তাঁর কার্যালয়ে বিদেশে অবস্থানরত বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে গঠিত টাস্কফোর্সের এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে আইনমন্ত্রী এ কথা জানান।শফিক আহমেদ বলেন, বিদেশে পলাতক বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে অগ্রগতি হচ্ছে। কৌশলগত কারণে এ ব্যাপারে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করে তিনি বলেন, পলাতক আসামিদের অবস্থান সম্পর্কে সরকারের কাছে যথেষ্ট তথ্য রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কানাডায় পলাতক আসামি নূর চৌধুরীকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে চেষ্টা চলছে এবং আইনি বিষয়গুলো সুচারুরূপে সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আইনমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত টাস্কফোর্সের সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস, আইন ও বিচার বিভাগের সচিব আনোয়ারুল হক, আইজিপি হাসান মাহমুদ খন্দকার, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান এবং সংশ্লি¬ষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।