পলাতক খুনিদের দেশে ফেরানো অনিশ্চিত
মৃত্যুদণ্ডবিরোধী অবস্থানের কারণে কানাডা বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নুর চৌধুরীকে বাংলাদেশের কাছে ফেরত দেবে না। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক অন্য পাঁচজনকে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় তেমন অগ্রগতি নেই। ফলে পলাতক ছয় খুনিকে দেশে ফিরিয়ে আনা অনিশ্চিতই রয়ে গেল।কানাডা ও অটোয়ার কূটনৈতিক সূত্রগুলো গতকাল প্রথম আলোকে জানায়, ২০১০ সালে বাংলাদেশের কাছে পাঠানো চিঠিতে কানাডা নুর চৌধুরীকে ফেরত পাঠানো হবে না—এমন আভাস দিয়েছিল। তবে রাজনৈতিক শরণার্থী হিসেবে কানাডায় অবস্থানের আবেদন খারিজ হওয়ায় তাঁকে তৃতীয় দেশের মাধ্যমে বাংলাদেশে আনার সুযোগ তৈরি হয়েছিল। সেই সুযোগ কাজে লাগাতে যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়নি বলেই মনে করছে সূত্রগুলো। কানাডায় থাকার জন্য এখনো আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন নুর চৌধুরী।লস অ্যাঞ্জেলেসে অবস্থানকারী মৃত্যুদণ্ডপ্রাপ্ত এ এম রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনতে সরকার মার্কিন প্রশাসনকে নিয়মিতভাবে অনুরোধ জানিয়ে যাচ্ছে। এ প্রক্রিয়ায়ও কোনো অগ্রগতি নেই। আত্মস্বীকৃত এই খুনি যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও কানাডায় রাজনৈতিক আশ্রয় লাভের চেষ্টা করছেন।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ দুজন ছাড়া অন্য চার খুনির ব্যাপারে সরকারের কাছে সুস্পষ্ট কোনো তথ্য নেই। তবে সরকার দাবি করে থাকে, আবদুল মাজেদ ও মোসলেম উদ্দিন ভারতে আত্মগোপন করে আছেন। এ তথ্যের ভিত্তিতে ভারতের কাছে এ দুজনকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়।অসমর্থিত সূত্রে জানা গেছে, খন্দকার আবদুর রশিদ অবস্থান করেন মূলত লিবিয়ার বেনগাজি শহর ও পাকিস্তানে। আর শরিফুল হক ডালিমের ব্যবসাসহ বিভিন্ন কর্মকাণ্ড কেনিয়াকে কেন্দ্র করে পরিচালিত হলেও তিনি মাঝেমধ্যে লিবিয়া ও ইউরোপে যান।বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সরকার বিভিন্ন দূতাবাস ও ইন্টারপোলের মাধ্যমে খুনিদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। নুর চৌধুরী ও রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনতে সরকার ওই দুটি দেশের সঙ্গে সরাসরি যোগাযোগের পাশাপাশি আইনি সংস্থা নিয়োগের মাধ্যমে কাজ করছে।কানাডার চিঠি: নুর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ২০১০ সালের ৮ এপ্রিল কানাডার পররাষ্ট্রমন্ত্রী লরেন্স ক্যাননকে চিঠি লেখেন। ক্যানন ওই চিঠির উত্তর দেন ২০১০ সালের ৩১ মে। চিঠিতে তিনি বলেন, কানাডায় মৃত্যুদণ্ডের আদেশ রহিত করা হয়েছে। এ ছাড়া কোনো ব্যক্তি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলে তাঁকে সে দেশে ফিরিয়ে না দেওয়ার নীতি অনুসরণ করে কানাডা। নিজের দেশের আইনি বাধ্যবাধকতার বিষয়টি উল্লেখ করে লরেন্স ক্যানন বোঝাতে চেয়েছেন, নুর চৌধুরীকে ফেরত পাঠাবে না কানাডা।অবশ্য কানাডায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার ইয়াকুব আলী মনে করেন, কানাডার আদালতে নুর চৌধুরীর রাজনৈতিক আশ্রয় প্রার্থনার আবেদন খারিজ হয়ে যাওয়ায় তাঁকে বাংলাদেশে ফেরানোর সুযোগ রয়েছে। তিনি গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, নাগরিকত্ব না পাওয়ায় কানাডা মৃত্যুদণ্ডে দণ্ডিত কোনো ব্যক্তিকে তার দেশে ফেরত পাঠানোর যে আইন অনুসরণ করে, সেটি নুর চৌধুরীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে তাঁকে তৃতীয় দেশের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনার সুযোগটি কাজে লাগানো উচিত।বঙ্গবন্ধুর ছয় খুনির অন্যতম আবদুল মাজেদ ও মোসলেম উদ্দিনকে ফিরিয়ে দিতে ২০১০ সাল থেকে নিয়মিতভাবে বিভিন্ন পর্যায়ে ভারতকে অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ। কিন্তু এ ক্ষেত্রে কোনো অগ্রগতি হয়নি। ভারত তাঁদের ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিলেও অবস্থান নিশ্চিত করতে পারেনি বলে জানিয়েছে।এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, পলাতক খুনিদের ফেরত আনতে দূতাবাসগুলোর মাধ্যমে কাজ চলছে। আর নুর চৌধুরীকে বাংলাদেশে না পাঠানোর ব্যাপারে কানাডার চিঠি প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে আইনি পরামর্শক সংস্থা নিয়োগের মাধ্যমে কাজ চলছে।২০০৯ সালের ১৯ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ পাঁচ আসামির আপিল খারিজ করে দেন। এর ফলে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যার দায়ে হাইকোর্টের দেওয়া ১২ খুনির মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকে। এর মধ্য দিয়ে ১৩ বছর ধরে চলা বিচার-প্রক্রিয়ার সমাপ্তি ঘটে। ২০১০ সালের ২৭ জানুয়ারি সৈয়দ ফারুক রহমান, বজলুল হুদা, এ কে এম মহিউদ্দিন আহমেদ, সুলতান শাহরিয়ার রশীদ খান ও মুহিউদ্দিন আহমেদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আজিজ পাশা পলাতক অবস্থায় মারা যান।