পলাতক খুনিদের ফিরিয়ে এনে দণ্ড কার্যকর করা হবে: সৈয়দ আশরাফ
সাজা পাওয়া ও বঙ্গবন্ধুর পলাতক খুনিদের যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে এনে তাঁদের ফাঁসিও কার্যকর করা হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম আজ বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, এবার কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যা এবং মুক্তিযুদ্ধের সময় যুদ্ধাপরাধে জড়িতদের বিচার করা হবে।আজ দুপুরে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লি উন্নয়নবিষয়ক সংস্থা সিরডাপ মন্ত্রী পর্যায়ের দ্বিতীয় বৈঠকের সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৈয়দ আশরাফ এসব কথা বলেন।সৈয়দ আশরাফ বলেন, ‘মৃত্যদণ্ডে দণ্ডিত বাকি খুনিরা বিভিন্ন দেশে লুকিয়ে আছে, আমি সেই দেশগুলোর কাছে আহ্বান জানাব, আপনারা তাদের ফেরত দিন। সরকারও চেষ্টা চালিয়ে যাবে, যেভাবেই হোক বাংলার মাটিতে ফিরিয়ে এনে তাদের সাজাও কার্যকর করা হবে।’সৈয়দ আশরাফ আরও বলেন, ‘আজ এটাই প্রমাণিত হলো যে অন্যায়ের বিচার এবং দণ্ডিতের সাজা একদিন না একদিন হবেই। এখন জেলহত্যা বিচারপ্রক্রিয়া আমাদের শেষ করতে হবে। যুদ্ধাপরাধীদের বিচারও আমাদের শুরু করতে হবে। কারণ ওই ঘটনাগুলো জাতির জন্য কলঙ্ক হয়ে আছে আর তা পর্যায়ক্রমে মোচন করা হবে।’সৈয়দ আশরাফ বলেন, জিয়াউর রহমান ইনডেমনিটি (দায়মুক্তি) অধ্যাদেশ জারি করে হত্যাকারীদের বিচারের আওতা থেকে মুক্ত রেখেছিলেন। তিনি তাঁদের মোটা অংকের টাকায় বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন। কিন্তু আইনের হাত থেকে কেউ কোনো দিন রেহাই পায় না।