পলাতক দুজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে নার্সারি ব্যবসায়ী সাদিকুর রহমান ও তাঁর স্ত্রী রোমানা নার্গিসকে হত্যার দায়ে দুজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার অপর আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। গতকাল সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর ভারপ্রাপ্ত বিচারক রেজাউল ইসলাম এ মামলার রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত দুই আসামি মো. রুবেল ও মিথুন চন্দ মামলার কাগজ জালিয়াতি করে হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন। যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি আলতাফ হোসেন ওরফে আলতুকে একই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক বছর কারাভোগ করতে হবে। খালাসপ্রাপ্ত আসামি হলেন মহিউদ্দিন ওরফে রাব্বী।রায় ঘোষণার আগে কারাগারে আটক মহিউদ্দিন ও আলতাফকে আদালতে হাজির করা হয়।আইনজীবী ও দুই আসামির উপস্থিতিতে বিচারক আংশিক রায় পড়ে শোনান। এ সময় বিচারক বলেন, এটি ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এর মামলা। কিন্তু বিচারক না থানায় ট্রাইব্যুনাল-৪কে ভারপ্রাপ্ত বিচারক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। মামলার ঘটনা বেদনাদায়ক। আসামিরা অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির। এজাহার ও আদালতের আদেশ জাল করে দুই আসামি হাইকোর্ট থেকে জামিন নিয়েছিলেন। তাঁরা জামিনে বের হয়ে ভিকটিমের পরিবারকে হত্যার হুমকি দিয়েছেন। পত্রপত্রিকায় তা এসেছে। তাই পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় নিয়ে মামলাটির বিচারকাজ শুরু করা হয়েছে।আদালত আরও বলেন, যেসব আইনজীবী অন্যায়ভাবে আসামিদের জামিন করিয়ে তাঁদের বাঁচানোর চেষ্টা করেছেন, তাঁদের বিচার এই আদালতে না হোক, ওপরের আদালতে তাঁদের একদিন বিচার হবে।বিচারক রায়ে বলেন, তদন্ত করে চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ তিন আসামির বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে পেরেছে। পলাতক দুই আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারার অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করায় তাঁদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেওয়া হলো। অপর আসামি আলতাফকে অস্ত্র সরবরাহ করে হত্যাকাণ্ডে সহযোগিতা করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো।নিহত দম্পতির দুই মেয়ের একজন রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, রায়ে তাঁরা সন্তুষ্ট। তিনি পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করে দ্রুত রায় কার্যকর করতে সরকারের প্রতি অনুরোধ জানান।আদালত সূত্র জানায়, গত বছরের ২৪ মার্চ গুলশানের কালাচাঁদপুরে সাদিকুর রহমান ও তাঁর স্ত্রী রোমানাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ওই দিনই রুবেল ও মিথুনকে আসামি করে সাদিকুরের আত্মীয় আবুল হোসেন গুলশান থানায় মামলা করেন। পুলিশ তদন্ত শেষে গত বছরের ৩০ মে রুবেল, মিথুন, আলতাফ ও মহিউদ্দিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আদালত ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন।রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ কৌঁসুলি মাহবুবুর রহমান। তাঁকে সহযোগিতা করেন খোরশেদ আলম। আসামিপক্ষে ছিলেন ছায়েদুর রহমান ও সেলিম এবং পলাতক দুই আসামির পক্ষে ছিলেন মো. ইউসুফ।সাদিকুর দম্পতি হত্যা মামলায় আসামি মিথুন ও রুবেলের জামিন জালিয়াতির অভিযোগে করা মামলাটি চলতি বছরের ২৬ মে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের উপকমিশনারকে আগামী ১৪ জুলাইয়ের মধ্যে এ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ২৩ জানুয়ারি এ দুই আসামি হাইকোর্ট থেকে জামিন নেন। তাঁদের জামিন আবেদনে অসংগতি ও জালিয়াতির বিষয়টি আদালতের নজরে আনা হলে ৯ ফেব্রুয়ারি হাইকোর্ট ওই জামিন বাতিল করেন। এরপর থেকে তাঁরা পলাতক।