আন্তর্জাতিক পুলিশ বাহিনীর ঢাকা শাখা কার্যালয় (এনসিবি) থেকে এ বিষয়ে সম্প্রতি নোটিশ পাঠানো হয়
পলাতক ২০ অপরাধীর জন্য ইন্টারপোলের পরোয়ানা
বঙ্গবন্ধু হত্যা, জেলহত্যা, ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ কয়েকটি মামলার পলাতক ২০ আসামিকে ধরিয়ে দিতে নতুন করে পরোয়ানা (রেড নোটিশ) জারি করেছে ইন্টারপোল। আন্তর্জাতিক পুলিশ বাহিনীর ঢাকা শাখা কার্যালয় (এনসিবি) থেকে এ বিষয়ে সম্প্রতি নোটিশ পাঠানো হয়।এদিকে পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানিয়েছে, বঙ্গবন্ধু হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি পাঁচ সাবেক সেনা কর্মকর্তার আঙুলের কোনো ছাপ সেনাবাহিনীতে নেই।ইন্টারপোলের নোটিশে বলা হয়, বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে পলাতক লে. কর্নেল খন্দকার আবদুর রশিদ ও লে. কর্নেল এ এম রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে এবং লে. কর্নেল শরিফুল হক ডালিম, লে. কর্নেল এস এইচ এম বি নূর চৌধুরী, ক্যাপ্টেন আবদুল মাজেদ ও রিসালদার মোসলেমউদ্দিন পাকিস্তানে থাকতে পারেন। এঁদের মধ্যে নূর চৌধুরীর আঙুলের ছাপ আগেই সংগ্রহ করা হয়েছে। কিন্তু অন্য কারও আঙুলের ছাপ কোথাও পাওয়া যায়নি। পুলিশ সদর দপ্তরের সূত্র জানায়, রাশেদ চৌধুরীকে ফিরিয়ে আনার ব্যাপারে ‘কিছুটা অগ্রগতি’ হয়েছে।আঙুলের ছাপ সংগ্রহের জন্য পুলিশ সদর দপ্তর চিঠি দেওয়ার পর সেনাসদর থেকে তা সংরক্ষিত না থাকার কথা জানানো হয়। ইন্টারপোলের সদর দপ্তর থেকে পলাতক আসামিদের আঙুলের ছাপ চাওয়া হয়েছিল।পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ প্রথম আলোকে এ ব্যাপারে বলেন, ‘আমরা সদস্য-দেশগুলোকে এই অপরাধীদের ধরিয়ে দিতে অনুরোধ করেছি।’ রমনার বটমূলে এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার পলাতক আসামি মাওলানা তাজউদ্দিন পাকিস্তান বা দক্ষিণ আফ্রিকায় থাকতে পারেন বলে ইন্টারপোলের নোটিশে উল্লেখ করা হয়েছে।ইন্টারপোলের পরোয়ানায় জেলহত্যা মামলার পলাতক আসামি নাজমুল হোসাইন, কিশমত হাশেম ও শরিফুল হোসেনের নামও আছে। টঙ্গীর সাবেক সাংসদ আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি দিপু ও মঞ্জু ভারতে অবস্থান করছেন বলে ইন্টারপোল জানিয়েছে।এ ছাড়া শীর্ষ সন্ত্রাসী তানভীর ইসলাম ওরফে জয়, মোল্লা মাসুদ, ত্রিমতি সুব্রত বাইন, জিসান, রবিন, জাহিদ রহমান, চাঁদপুরের হাশেম, কাশিমপুরের মকবুল হোসেন ভারতে অবস্থান করছেন বলে ইন্টারপোলের পরোয়ানায় উল্লেখ করা হয়েছে। এ অপরাধীদের ধরিয়ে দিতে ইন্টারপোল তাদের সব সদস্য-দেশকে অনুরোধ জানিয়েছে।