পলাতক ২১ জওয়ানের বিরুদ্ধে গ্রেপ্তারি ও ক্রোক পরোয়ানা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহ ও পিলখানা হত্যাযজ্ঞের মামলায় পলাতক ২১ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি ও ক্রোক পরোয়ানা জারি করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান এ পরোয়ানা জারি করেন। আর এ পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন আগামী ২৫ আগস্ট জমা দেওয়ার তারিখ নির্ধারণ করেছেন।একই সঙ্গে আদালত এক হাজার ৫০৪ জওয়ানকে অব্যাহতি দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে কোনো তথ্যপ্রমাণ না থাকায় সিআইডি হত্যা মামলা থেকে তাঁদের অব্যাহতির আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।তবে এঁরা হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেও বিডিআরের নিজস্ব আইনে বিদ্রোহের বিচার চলবে।পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) টানা ১৬ মাস তদন্ত শেষে গত ১২ জুলাই ৮০১ বিডিআর জওয়ানসহ ৮২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে ২১ জন জওয়ানকে পলাতক দেখানো হয়। তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি ও ক্রোক পরোয়ানা জারির আবেদন করেন।আজ মহানগর হাকিম আদালত অভিযোগপত্র গ্রহণ করে পলাতক আসামিদের বিরুদ্ধে এ আদেশ দেন। মামলাটি তদন্ত করেন সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ।অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে হত্যা, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ, ভয়ভীতি দেখানো, নির্যাতন, জিম্মি করাসহ দণ্ডবিধির ২৪টি ধারায় অভিযোগ আনা হয়। এ মামলায় বিএনপির নেতা নাসিরউদ্দিন পিন্টু ও আওয়ামী লীগের নেতা তোরাব আলীকেও আসামি করা হয়েছে।বাংলাদেশে এটিই প্রথম মামলা, যাতে এত বিপুলসংখ্যক ব্যক্তিকে জড়িয়ে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এ মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া মন্ত্রী, সাংসদ, সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধান এবং পুলিশের মহাপরিদর্শকসহ ১৪জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সাক্ষী করা হয়েছে। গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিদ্রোহে বিডিআর জওয়ানদের হাতে ৫৭ জন সেনা কর্মকর্তা ও তিন নারীসহ ৭৪ জন প্রাণ হারান। রাজধানীর নিউ মার্কেট থানায় দায়ের করা এ মামলার তদন্তের দায়িত্ব পায় সিআইডি।