পলার বাড়িতে এফবিআইয়ের তল্লাশি
মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর সদ্য পদত্যাগী প্রধান ডেভিড পেট্রাউসের জীবনীকার পলা ব্রডওয়েলের বাড়িতে তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) কর্মকর্তারা। গতকাল সোমবার নর্থ ক্যারোলাইনার শারলটে পলার বাড়িতে এই তল্লাশি চলে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।সম্প্রতি পলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি ফাঁস হওয়ার জের ধরে সিআইএর প্রধানের পদ থেকে সরে দাঁড়ান ডেভিড পেট্রাউস। স্থানীয় সময় রাত নয়টার দিকে এফবিআইয়ের সদস্যরা পলার বাড়িতে যান। প্রায় দুই ঘণ্টা তাঁরা সেখানে তল্লাশি চালান। এ সময় পলা বা তাঁর পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। শারলটে এফবিআইয়ের মুখপাত্র শেলি লিঞ্চ জানান, এফবিআইয়ের সদস্যরা পলার বাড়ি গিয়েছিলেন। তিনি এ ব্যাপারে আর কিছু জানাতে চাননি। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন, পেট্রাউস-পলার বিবাহবহির্ভূত সম্পর্কের ব্যাপারে তদন্ত প্রায় শেষ। তবে পেট্রাউসের জীবনীকার পলা ব্রডওয়েল শ্রেণীবদ্ধ তথ্য পেট্রাউসের কাছ থেকে নাকি অন্য কোনো সূত্র থেকে নিয়েছেন, বিষয়টি নিয়ে আইনপ্রণেতারা ও অন্যরা প্রশ্ন তুলেছেন। ডেভিড পেট্রাউসের কর্মকাণ্ড নিয়ে আরেক গোয়েন্দা সংস্থা এফবিআই নজরদারি করতে গেলে জীবনীকার ও মার্কিন সেনাবাহিনীর মেজর পদমর্যাদার সাবেক নারী কর্মকর্তা পলা ব্রডওয়েলের সঙ্গে তাঁর বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি বেরিয়ে আসে।যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক ‘নিউইয়র্ক টাইমস’সহ মার্কিন গণমাধ্যমের খবরে জানা যায়, পেট্রাউসের জীবনী নিয়ে পলা ব্রডওয়েল ‘অল ইন: দ্য এডুকেশন অব ডেভিড পেট্রাউস’ শীর্ষক বই লিখেছেন।ইরাক ও আফগানিস্তানে আন্তর্জাতিক বাহিনীর প্রধান হিসেবে নেতৃত্ব দেওয়ার পর চার তারকার জেনারেল ডেভিড পেট্রাউস ২০১১ সালে সিআইএর প্রধান হিসেবে দায়িত্ব নেন।