পলাশবাড়ীতে যেটুকু ড্রেন ছিল তাও ভরাটের পথে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শহরে কাঁচা ড্রেন নেই। পাকা ড্রেনও আছে মাত্র এক কিলোমিটার। সেটিও সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাফিলতিতে ভরাট হয়ে গেছে। অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে পরিবেশ দূষিত হচ্ছে। বাড়ছে দুর্ভোগ। গাইবান্ধা সওজ কার্যালয় সূত্র জানায়, ২০০৫ সালে উপজেলা শহরের চারমাথা থেকে পূর্বে গাইবান্ধা সড়কের হাসপাতাল মোড় পর্যন্ত এক কিলোমিটার ড্রেন পাকা করা হয়। এতে ব্যয় হয় প্রায় ১২ লাখ টাকা। নির্মাণের সময় ড্রেনটিতে কোনো ঢাকনা দেওয়া হয়নি। খোঁজ নিয়ে জানা যায়, পলাশবাড়ী উপজেলা শহরের বুক চিরে ঢাকা-রংপুর জাতীয় মহাসড়ক নির্মিত হয়েছে। ফলে উপজেলা হলেও শহরটি খুব গুরুত্বপূর্ণ। ভালো যোগাযোগ ব্যবস্থার কারণে এখানে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান ও বসতি গড়ে উঠলেও শহর থেকে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। পলাশবাড়ী সামাজিক অনাচার প্রতিরোধ পরিষদের আহ্বায়ক নুরুজ্জামান প্রধান বলেন, সওজ বিভাগ অপরিকল্পিতভাবে ড্রেনটি নির্মাণ করে। তারা সরকারের লাখ লাখ টাকা অপচয় করে জনগণের দুর্ভোগ বাড়িয়েছে। এমনকি ড্রেন নির্মাণের পর তা কোনো দিন পরিষ্কারের উদ্যোগও নেয়নি। ফলে পানি উপচে সবসময় সড়কে জমে থাকে। এতে ব্যস্ততম এই সড়কে প্রায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। এ নিয়ে স্থানীয়ভাবে আন্দোলন হলেও কর্তৃপক্ষের টনক নড়েনি।এদিকে প্রায় ৪০ হাজার লোক অধ্যুষিত উপজেলা শহরের একমাত্র ড্রেনটির অবস্থাও করুণ। পলাশবাড়ী মহিলা কলেজের প্রভাষক শামিকুল ইসলাম বলেন, এই শহরের বাসিন্দাদের গৃহস্থালি কাজের পরিত্যক্ত বর্জ্য ও পানি ফেলার জায়গা নেই। তারা বাধ্য হয়ে ময়লা-আবর্জনা মিশ্রিত পানি যত্রতত্র ফেলছে। ফলে পরিবেশ দূষিত হচ্ছে। ড্রেনটি পরিষ্কার না করা ও ড্রেনের মুখ বন্ধ থাকায় পানি নিষ্কাশন হতে পারছে না। যেখানকার পানি সেখানেই জমে থাকে। ফলে ড্রেন পরিণত হয়েছে কাদা, ময়লা ও আবর্জনার স্তূপে। শহরের গাইবান্ধা সড়কের ব্যবসায়ী মনজুর কাদির বলেন, গুরুত্বপূর্ণ সড়কের পাশে নির্মিত ড্রেন কাদায় ভরাট থাকায় ঝুঁকি নিয়ে পথ চলতে হচ্ছে। বিশেষ করে রাতে লোডশেডিং শুরু হলে চলাচল দুষ্কর হয়ে পড়ে। প্রায়ই পথচারীরা ড্রেনে পড়ে। শহরের কালিরবাজারের ব্যবসায়ী রুবেল মিয়া বলেন, এমনিতেই ড্রেনের ওপর গাইবান্ধা বাসস্ট্যান্ড অবস্থিত। ফলে একদিকে ঝুঁকি অন্যদিকে ময়লা-আবর্জনা জমে থেকে দুর্গন্ধ ছড়ায়। ড্রেনসংলগ্ন ব্যবসা প্রতিষ্ঠানে টিকে থাকা কঠিন হয়ে পড়ে। বিষয়টি কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হয় না। পলাশবাড়ী পল্লী অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক সুরুজ হক বলেন, আধুনিক শহর নির্মাণে পরিকল্পিত ড্রেন নির্মাণ ও নিয়মিত তা পরিষ্কার রাখা দরকার। অথচ সওজ তা করছে না। বিষয়টি স্থানীয় প্রশাসনকে একাধিকবার অবহিত করা হয়েছে। গাইবান্ধা সওজের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম গাফিলতির অভিযোগ অস্বীকার করে বলেন, ড্রেনের পানি পূর্ব প্রান্তের একটি পুকুরে ফেলার কথা ছিল। কিন্তু এলাকার লোকজন বাধা দেওয়ায় ড্রেনটির মুখ বন্ধ রয়েছে। এ ছাড়া পার্শ্ববর্তী লোকজন গৃহস্থালি কাজের ময়লা-আবর্জনা ওই ড্রেনে ফেলছে। ফলে ড্রেনটি ভরাট হয়ে গেছে। তিনি বলেন, পূর্ব প্রান্তে ড্রেনটি বর্ধিত করে জমিতে পানি ফেলার জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে পানি নিষ্কাশন সহজ হবে। তবে ড্রেনটি পরিষ্কার ও সংস্কার করতে শিগগিরই পদক্ষেপ নেওয়া হচ্ছে।