পলাশীতে বুয়েট শিক্ষার্থীদের অবরোধ, কর্মসূচি ঘোষণা
বাসের চাপায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র খন্দকার খানজাহান নিহত হওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা গতকাল শুক্রবারও পলাশী মোড়ে অবরোধ করেছেন। তাঁরা ঘাতক ওই বাসের চালক ও সহকারীকে গ্রেপ্তার এবং নিহত ছাত্রের পরিবারের জন্য ক্ষতি-পূরণসহ নয় দফা দাবিতে ক্যাম্পাসে মৌন মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। দাবি আদায়ের জন্য তাঁরা আজ শনিবার এক ঘণ্টা ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচি দিয়েছেন।এদিকে নিউমার্কেট থেকে আজিমপুরমুখী সড়কে গতকালও গাড়ি চলাচল বন্ধ ছিল। গত বৃহস্পতিবার ওই সড়কের ইডেন কলেজের সামনে উইনার পরিবহনের একটি বাসের চাপায় বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের প্রথম বর্ষের ছাত্র খানজাহান নিহত হন। এর প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই দিন বুয়েট ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অন্তত ২৫টি গাড়ি ভাঙচুর এবং চারটি বাসে অগ্নিসংযোগ করেন। গত রাত সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা পলাশীর মোড়ে একটি বাস ও একটি ট্রাক ভাঙচুর করেন।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকাল থেকে শিক্ষার্থীরা পলাশী মোড় অবরোধ করে রাখেন। বেলা দুইটার দিকে বুয়েটের শহীদ মিনারের পাদদেশে সমবেত হন শতাধিক শিক্ষার্থী। বাসচাপায় নিহত খানজাহানের স্মরণে তাঁরা এক মিনিট নীরবতা পালন করেন। এরপর নয় দফা দাবি এবং সেগুলো আদায়ে কর্মসূচি ঘোষণা করা হয়। পরে মৌন মিছিল বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শিক্ষার্থীরা এরপর শহীদ মিনারের সামনের রাস্তায় মৌন অবস্থান কর্মসূচি পালন করেন।শিক্ষার্থীদের নয় দফা দাবির মধ্যে রয়েছে—‘উইনার’ কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষতিপূরণ আদায়ে মামলা ও বুয়েট থেকে খানজাহানের পরিবারের জন্য ক্ষতিপূরণ প্রদান, পলাশী মোড় ও বুয়েট ক্যাম্পাসে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ করা, পলাশীতে ভারী যানবাহন প্রতিরোধক ‘খন্দকার খানজাহান গেট’ নির্মাণ, পলাশী মোড়ে স্থায়ী পুলিশ বুথ বসানো, নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবিতে ছাত্র-শিক্ষকদের সম্মিলিত সংবাদ সম্মেলন, অ্যাম্বুলেন্স কেনা, সপ্তাহব্যাপী শোক সপ্তাহ পালন, ক্যাম্পাসের ভেতরে পর্যাপ্ত গতিরোধক (স্পিডব্রেকার) দেওয়া ও পলাশীতে গাড়ির ইউ টার্ন নিষিদ্ধ করা।এসব দাবি বাস্তবায়নে আজ দুপুর ১২টা থেকে দুপুর একটা পর্যন্ত ক্লাস বর্জন, দুপুর সোয়া ১২টায় মিছিল ও বুয়েটের উপাচার্যকে স্মারকলিপি প্রদান এবং বেলা একটায় মানববন্ধন করার কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। তাঁরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের কর্মসূচি চলবে।এদিকে বৃহস্পতিবার রাতে বুয়েটের প্রবেশ ফটকে (পলাশী) ভারী যানবাহন নিরোধক গেট নির্মাণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নীলক্ষেত-আজিমপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ: গতকালও নিউমার্কেট-আজিমপুর সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। তবে পলাশী মোড় অবরোধ করলেও শিক্ষার্থীরা ওই সড়কে যাননি। লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) খলিল প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা নিউমার্কেট-আজিমপুর সড়কে না এলেও নিরাপত্তার স্বার্থে তাঁদের ওই সড়ক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।