পলায়নই কাল হয়েছে গাদ্দাফির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ায় সহিংসতা বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল গঠিত আন্তর্জাতিক তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফি মরুভূমিতে থেকেই শত্রুর মোকাবিলা করতে চেয়েছিলেন। কিন্তু ছেলে মুতাসিম ও মিত্রদের প্ররোচনায় পালাতে গিয়েই নিহত হন তিনি।গতকাল শুক্রবার এ-সংক্রান্ত ২০০ পৃষ্ঠার একটি খসড়া প্রতিবেদন জেনেভায় প্রকাশ করা হয়। আগামী তিন সপ্তাহ আলোচনার পর এটি চূড়ান্তভাবে প্রকাশ করা হবে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।গত বছরের শুরুর দিকে লিবিয়ায় গাদ্দাফিবিরোধী আন্দোলন শুরু হলে সেখানে ব্যাপক মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠে। অভিযোগ তদন্তে কানাডার আইনবিদ ফিলিপ ক্রিসকে প্রধান করে গত বছরের মার্চ মাসে তিন সদস্যের একটি কমিশন গঠন করে জাতিসংঘ।গত বছরের অক্টোবরে নিজ জন্ম শহর সার্তে বিদ্রোহীদের হাতে ধরা পড়ার পর নৃশংসভাবে নিহত হন গাদ্দাফি ও তাঁর ছেলে মুতাসিম। এ নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড় ওঠে।কমিশন তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, শেষ মুহূর্তে গাদ্দাফি মরুভূমিতে থেকেই যুদ্ধ করতে চেয়েছিলেন। কিন্তু পালিয়ে যাওয়ার জন্য তাঁকে প্ররোচিত করা হয়েছিল।প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের সময় উভয় পক্ষই হত্যা, নির্যাতনসহ যুদ্ধাপরাধ করেছে।খসড়া প্রতিবেদনে বলা হয়, বিদ্রোহীরা সার্তে প্রবেশের পর গাদ্দাফির ছেলে মুতাসিম গত বছরের ১৯ অক্টোবর উপকূলীয় শহরটি থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন। পরের দিন ভারী অস্ত্রে সজ্জিত ২০টি গাড়ি ও ২০০ সশস্ত্র ব্যক্তিকে নিয়ে তাঁরা যাত্রা শুরু করেন। তাঁদের সঙ্গে কয়েকজন নারী ও শিশু ছিল।উপকূলীয় একটি রাস্তা দিয়ে এগিয়ে যাওয়ার সময় বিদ্রোহীদের হামলায় ওই গাড়িবহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন গাদ্দাফি। এরপর তাঁকে বহনকারী সবুজ রঙের গাড়িটির ঠিক সামনের একটি গাড়ি ন্যাটোর ক্ষেপণাস্ত্রের হামলায় উড়ে যায়। বিস্ফোরণে গাদ্দাফিকে বহনকারী গাড়ির এয়ার ব্যাগগুলো খুলে যায় এবং বিদ্রোহীরা গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। হামলার মুখে গাদ্দাফি, মুতাসিম ও প্রতিরক্ষামন্ত্রী আবু বকর ইউনিস কাছের একটি বাড়িতে আশ্রয় নেন। ওই বাড়ি লক্ষ্য করেও গোলা বর্ষণ করে বিদ্রোহীরা। এরপর ২০ জন যোদ্ধাকে সঙ্গে নিয়ে অক্ষত একটি গাড়ির সন্ধানে বের হন মুতাসিম। গাদ্দাফিকেও ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে প্রভাবিত করেন মুতাসিম।প্রতিবেদনে বলা হয়, গাদ্দাফির দলটি বুকে হেঁটে একটি ড্রেনের পাইপের মধ্য অবস্থান নেয়। বিদ্রোহীরা তাঁদের দিকে এগিয়ে এলে গাদ্দাফির এক নিরাপত্তারক্ষী তাঁদের লক্ষ্য করে একটি গ্রেনেড ছুড়ে মারে। কিন্তু গ্রেনেডটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ড্রেনের ওপরের দিকে একটি দেয়ালে আঘাত খেয়ে গাদ্দাফির সামনে এসে পড়ে। ওই নিরাপত্তারক্ষী গ্রেনেডটি সরানোর চেষ্টা করে। এ সময় গ্রেনেড বিস্ফোরণে নিরাপত্তারক্ষী ও প্রতিরক্ষামন্ত্রী নিহত হন। বিস্ফোরণে মাথায় আঘাত পান গাদ্দাফি এবং তাঁর জ্যাকেট ছিন্নভিন্ন হয়ে যায়।তাঁর মৃত্যু সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পায়নি কমিশন। এ ছাড়া এ ক্ষেত্রে কোনো যুদ্ধাপরাধ হয়েছে কি না, সে বিষয়ে তদন্ত কমিশন কোনো সিদ্ধান্তে আসতে পারেনি।