গুজবের ওপর ভিত্তি করে আন্দোলনের নামে পলিটেকনিক ইনস্টিটিউটে অস্থিরতা সৃষ্টির পেছনে কারও ইন্ধন থাকতে পারে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়। এতে মহল বিশেষে কারও উসকানি থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আজ রোববার পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে সাম্প্রতিক আন্দোলনের পরিস্থিতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এক আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরী এ কথা বলেন। সচিব বলেন, সরকার ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা নামিয়ে দেয়নি। সরকারের এ ধরনের পরিকল্পনাও নেই। সরকারের পক্ষ থেকে বিষয়টি বলার পরও বিষয়টি পুঁজি করে উত্তেজনা ছড়ানো হয়েছে। সচিব জানান, ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত সমস্যা ও কারিগরি বিষয়ে শিক্ষাগত সমস্যা সমাধানে দুটি কমিটি গঠন করা হয়েছে। পেশাগত সমস্যা সমাধানে গঠিত কমিটির প্রধান করা হয়েছে গৃহায়ণ ও গণপূর্ত সচিব খন্দকার শওকত হোসেনকে। কমিটি পেশাগত সমস্যা চিহ্নিত করে আগামী এক মাসের মধ্যে সুপারিশ করবে। আর শিক্ষাগত সমস্যা সমাধানে গঠিত কমিটির প্রধান করা হয় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খানকে। এ কমিটিকেও এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। ডিপ্লোমা প্রকৌশলীদের পদমর্যাদা অবনমন করা হয়েছে—এমন গুজবের ভিত্তিতে গত কয়েক দিন ধরে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।