পলিটেকনিক ইনিস্টিটিউটের হোস্টেল বসবাসের অযোগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশদের হাতে তৈরি পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের হোস্টেল বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র ২০০ আসনের একটি হোস্টেল। তাও আবার নানা সমস্যায় জর্জরিত।সরেজমিন দেখা যায়, হোস্টেলের দেয়ালে শ্যাওলা জমে গেছে। স্যাঁতসেঁতে অস্বাস্থ্যকর পরিবেশেই ছাত্ররা হোস্টেলে অবস্থান করছে। টয়লেটগুলো ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। কোনো টয়লেটেরই দরজা নেই। খাবারযোগ্য পানির ব্যবস্থা নেই বললেই চলে। অনেক দূর থেকে ছাত্রদের খাবার পানি জোগাড় করতে হয়। ট্যাপের পানি দিয়ে শ্যাওলা বের হয় এবং মাঝেমধ্যেই লোহার গুঁড়া পাওয়া যায়। হোস্টেলের অনেক দেয়ালেই ফাটল দেখা দিয়েছে। অধিকাংশ কক্ষেরই জানালা-দরজা ভাঙা। কর্তৃপক্ষ এসব অবস্থা দেখেও দেখে না। এ ছাড়া এ কলেজ হোস্টেলে বহিরাগতদের একটা বড় প্রভাব রয়েছে।কলেজের ছাত্র শাহরিয়ার কবির জানান, পলিটেকনিক ইনস্টিটিউটের হোস্টেল সন্ত্রাসীদের অভয়ারণ্য। বিভিন্ন মামলার পলাতক আসামিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এখানে অবস্থান করেন। এতে নিজের শয্যা ছেড়ে অনেক দিনই ছাত্রদের বাইরে থাকতে হয়। নেতাদের কিছু বললে অত্যাচার করে। শিক্ষকদের কাছে অভিযোগ করলে তাঁরাও ভয়ে কিছু বলেন না।অন্য এক ছাত্র মনসুর আলী জানান, তিনি আগে হোস্টেলে থাকতেন। হোস্টেলের পানিতে লোহার গুঁড়া ও শ্যাওলা বের হয়। ওই পানি খেয়ে তাঁর একবার জন্ডিস হয়েছে। তাই তিনি এখন হোস্টেল ছেড়ে দিয়ে মেসে উঠেছেন।পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ফারুক হোসেন বলেন, ‘ছেলেদের হোস্টেল ছেলেরাই নষ্ট করে। টয়লেটের দরজাসহ অন্যান্য দরজা জানালা তারাই ভেঙে ফেলেছে। পরিচ্ছন্নতা রক্ষার জন্য লোক নিয়োগ দেওয়া আছে। সন্ত্রাসীদের অবস্থানের বিষয়টি আমার জানা নেই। তবে আমি দেখব।’