পলিথিন ও বালতি দিয়ে পানি ঠেকানোর চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রজমোহন কলেজে ছাত্রছাত্রী মিলে দুই হাজার শিক্ষার্থীর থাকার ব্যবস্থা রয়েছে। ছাত্রাবাসগুলোর অবস্থা খুবই খারাপ। অনেকগুলো আছে বসবাসের অনুপযোগী। কবি জীবনানন্দ দাশ ছাত্রাবাসে একটু বৃষ্টি হলেই পানিতে ভেসে যায় মেঝে। শিক্ষার্থীরা পলিথিন ও বালতি দিয়ে কোনোমতে বৃষ্টি ঠেকানোর চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। একই অবস্থা অশ্বিনী কুমার ডিগ্রি হলগুলোরও। দীর্ঘদিন সংস্কার না করায় এগুলো অনেকটাই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। বাতিল করা হয়েছে সুরেন্দ্রনাথ হল। তবুও সেখানে থাকছে ছাত্ররা। সবচেয়ে সংকটাপন্ন অবস্থা বনমালী ছাত্রীনিবাসের। ৩৫০ জন ছাত্রীর থাকার ব্যবস্থা থাকলেও তার মধ্যে গাদাগাদি করে ৭৫০ জন ছাত্রী থাকছেন। এখানে সবচেয়ে বড় সমস্যা বাথরুম, পানি ও খাবারের। অনেক সময় শিক্ষার্থীরা আলাদাভাবে খাওয়ার ব্যবস্থা করলে কর্তৃপক্ষ তাতে বাধা দেয়। সবাইকে ডাইনিংয়ে খেতে বাধ্য করে। অনেক সময় শিক্ষার্থীরা আলাদাভাবে স্টোভ ও রান্নার উপকরণ কিনে নিয়ে এলে সেগুলো কর্তৃপক্ষ ও বুয়ারা জোর করে নিয়ে যান। মোটকথা এখানে সবাই জিম্মি থাকে বুয়া ও কর্তৃপক্ষের কাছে।অন্যদিকে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ছাত্রসংখ্যা প্রায় পাঁচ হাজার। ছাত্রাবাস বলতে শহীদ আলমগীর হল। এ ছাত্রাবাসে আসনসংখ্যা ১০০। গাদাগাদি করে থাকছে ২০০ থেকে ৩০০। এ হলটি সংস্কার না করায় ওপরের পলেস্তার খুলে খুলে পড়ছে। সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাস অপেক্ষাকৃত ভালো হলেও সেখানে ছাত্রীরা জিম্মি কর্তৃপক্ষের কাছে।একসময় নগরের বনমালী গাঙ্গুলী ছাত্রীনিবাসে থাকতেন কাজী তানিয়া। তিনি বলেন, ‘বাথরুমে লাইট থাকে না, পানির কষ্ট, রান্না করে খেতে দেয় না। ডাইনিংয়ে খেতে বাধ্য করে। বনমালী গাঙ্গুলী ছাত্রীনিবাসে তত্ত্বাবধায়ক ও বুয়াদের দাপটে সাধারণ শিক্ষার্থীরা দিশেহারা। স্টোভ ও রান্নার উপকরণ কিনে নিয়ে এলে কর্তৃপক্ষ ও বুয়ারা মিলে তা কেড়ে নিয়ে যায়। এমনকি বাইরে থেকে খাবার কিনে নিয়ে এলেও ছাত্রীনিবাসে নিতে দেন না তাঁরা। মোটকথা ছাত্রীরা জিম্মি অবস্থায় থাকে এখানে।’ছাত্রীনিবাসের বুয়া কমলা রানী চক্রবর্তী জানান, খাবার বাইরে থেকে আনার কোনো সিস্টেম নেই। তা ছাড়া হোস্টেলের পরিবেশ ভালো। সেফালী বেগম বলেন, ‘আমাদের সঙ্গে মেয়েদের সম্পর্ক ভালো। তবে স্যাররা যা বলেন, আমরা তা-ই শুনি।’বনমালী গাঙ্গুলী ছাত্রীনিবাসের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক এস এম নাছিরউদ্দিন ডাইনিংয়ে খাওয়ার জন্য মেয়েদের খেতে হয় স্বীকার করে বলেন, ‘৩৫০ জন ছাত্রীর থাকার ব্যবস্থা থাকলেও বর্তমানে এখানে ৭০০ ছাত্রী রয়েছে। মেয়েরা যত বেশি ডাইনিংয়ে খাবে, তত ওদের মিল চার্জ কমবে। তাই রান্না করে বা বাইরে থেকে খাবার আনার বিষয়ে নিরুৎসাহিত করা হয়। বুয়ারা গেট ছাড়া অন্য কোথাও খবরদারি করতে পারবে না, এটা নির্দেশ দেওয়া আছে।’