পলিথিন কারখানার যন্ত্রপাতি খুলে এনেছেন ভ্রাম্যমাণ আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত আজ বৃহস্পতিবার পুরান ঢাকার লালবাগের ডুরি আঙ্গুর লেনের পলিথিন তৈরির কারখানার বাজেয়াপ্ত করা চারটি যন্ত্র খুলে নিয়ে এসেছেন। গত সোমবার ভ্রাম্যমাণ আদালত ওই কারখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের কারণে প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ও কাঁচামাল বাজেয়াপ্ত করে সিলগালা করেছিলেন। আজ বৃহস্পতিবার দুপুর পৌনে দুইটার দিকে ভ্রাম্যমাণ আদালত আবারও কালা মিন্টুর মালিকানাধীন পলিথিন তৈরির কারখানায় অভিযান চালান। এ সময় ম্যাজিস্ট্রেট, বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশ, র‌্যাব, লালবাগ থানার পুলিশ, বেশকিছু শ্রমিক ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাসহ দেড় শতাধিক লোক উপস্থিত ছিলেন। আদালতের নির্দেশে ওই কারখানার চারটি যন্ত্র খুলে পরিবেশ অধিদপ্তরে নেওয়া হয়।জানা গেছে, আদালতের নির্দেশে গতকাল বুধবার র‌্যাব-দাঙ্গা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের লোকজন ওই কারখানার মালামাল খুলে আনতে যায়। কিন্তু স্থানীয় ব্যক্তিদের চাপের মুখে তাঁরা ফিরে আসতে বাধ্য হন। পরে আজ বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ওই যন্ত্রপাতি খুলে আনা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল-আমীন প্রথম আলোকে বলেন, গত সোমবার ওই কারখানায় অভিযান চালানো হয়েছিল। তখন পলিথিন উৎপাদন করতে দেখা যায়। এ ছাড়া ওই কারখানায় বিপুল পরিমাণ উৎপাদিত পলিথিন ব্যাগ জব্দ এবং যন্ত্রপাতি তাত্ক্ষণিক বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার কারখানার মালামাল খুলে নেওয়া হয়। যন্ত্রপাতির ক্ষুদ্র অংশ খুলে কেজি দরে বিক্রি করা হবে।