পলিথিনবিরোধী অভিযানে নয় লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ অধিদপ্তর এক বছরে ঢাকা মহানগর ও আশপাশের এলাকায় পলিথিনবিরোধী অভিযান চালিয়ে তাত্ক্ষণিক নয় লাখ পাঁচ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় ও ৪০ হাজার ৪৯০ কেজি পলিথিন জব্দ করেছে। পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক সুকুমার বিশ্বাস আজ রোবাবর বাসসকে এ কথা জানান।সুকুমার বিশ্বাস বলেন, পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গত বছরের ১৯ অক্টোবর থেকে গতকাল শনিবার পর্যন্ত নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিংব্যাগ উত্পাদন, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন ও মজুদ রোধে মোট ১৯টি অভিযান পরিচালনা করে। এর মধ্যে ১৫টি অভিযান ঢাকা মহানগরে এবং বাকি চারটি ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ, টঙ্গী, কেরানীগঞ্জ ও কালিয়াকৈরে পরিচালিত হয়। এ সময় ২৩১টি কারখানা ও দোকানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত সংশ্লি¬ষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে ২০৩টি মামলা দায়ের করেছেন। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যক্তিকে যথাক্রমে সাত ও তিন দিনের, চার ব্যক্তিকে ছয় মাসের ও এক ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড প্রদান করেন।পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আবদুস সোবহান বলেন, পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকারক পলিথিনের ব্যাপারে বর্তমান সরকারের অবস্থান অত্যন্ত কঠোর। এক বছরে পরিবেশ অধিদপ্তর পলিথিন শপিংব্যাগের বিরুদ্ধে প্রায় ১০০টি অভিযান পরিচালনা করেছে এবং ২০টি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিংব্যাগ উত্পাদনকারী প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। আজ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী সারা দেশে পলিথিনবিরোধী অভিযান শুরু হয়েছে। এর পরও নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিংব্যাগের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। তিনি দেশবাসীকে পরিবেশবিধ্বংসী পলিথিন শপিংব্যাগ বর্জনের আহ্বান জানান।পলিথিনবিরোধী বিভিন্ন অভিযানের সময় পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ উপস্থিত ছিলেন। গতকালের অভিযানেও তিনি উপস্থিত ছিলেন। বাসস