পলের দেখানো পথে
কী যে করে গেল পল, দি অক্টোপাস! এখন ঘরে ঘরে আবির্ভূত হচ্ছে নিত্যনতুন পল। গত ইউরো ও বিশ্বকাপে বিশেষ করে জার্মানির ম্যাচগুলোয় ঠিক ঠিক ভবিষ্যদ্বাণী করে হইচই ফেলে দেওয়া পল আর নেই। ইতিমধ্যে শুরু হয়ে গেছে ইউরো ২০১২। পল নেই তো কী হয়েছে, ম্যাচের ভাগ্য আগেভাগেই বলে দেওয়ার প্রাণীর অভাব নেই। অবশ্য এর মধ্যে কজন পলের সমকক্ষ হতে পারবে তা সময়ই বলে দেবে। পোল্যান্ডে যেমন আবির্ভূত হয়েছে চিত্তা নামের ভারতীয় হাতি। পোলিশরা তাকে পলের যোগ্য উত্তরসূরিই ভাবছে। ইউরো শুরুর আগে ভবিষ্যৎ বলে দেওয়ায় শতভাগ সফল ক্রাকাওয়ের চিড়িয়াখানায় থাকা চিত্তা। গত মাসে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আগেই চেলসিকে বিজয়ী ঘোষণা করেছিল ৩৩ বছরের এই হাতি।পলের চেয়ে চিত্তার পদ্ধতি একটু ভিন্ন। তাঁর সামনে তিনটি তরমুজ রাখা হয়। তরমুজগুলোকে রাখা হয় দলগুলোর পতাকা বা নামসংবলিত ব্যানারের সামনে, যার একটিতে লেখা থাকে ড্র। চ্যাম্পিয়নস লিগে ফাইনালের আগে চেলসির ব্যানারের সামনের তরমুজটি তুলে নিয়েছিল চিত্তা। চিত্তা শুধু একাই নয়, আছে নেলি নামের আরেক হাতি, ইভোনে নামের গাভি। জার্মানির নেলির পদ্ধতি পুরোপুরিই ফুটবলীয়। তার সামনে থাকে দুটি গোলপোস্ট। একটি ফুটবল রাখা হয় নেলির সামনে। সে পায়ে ঠেলে যে পোস্টে বলটাকে ঠেলে দেবে সেই বিজয়ী। দুরন্ত গাভি ইভোনের সামনে নাম লেখা দুটি বালতিতে খাবার রাখা হয়, সে যেটিতে মুখ দেবে সেটিই জয়ী হবে বলে ধরা হয়। সোলায়মান