পল্টন-ঝিলমিল উড়ালসেতু নিয়ে অনিশ্চয়তা
পল্টন-ঝিলমিল উড়ালসেতু নির্মাণ করবে কে—এ নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এটি নির্মাণে এ বছরের মার্চে উদ্যোগ নিয়েছিল। কিন্তু যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগ এখন এই কাজ করতে চাইছে।এদিকে সেতু প্রকল্পের পরামর্শক নিয়োগ ও সমীক্ষার কাজে ইতিমধ্যে রাজউকের প্রায় তিন কোটি টাকা ব্যয় হয়ে গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এর প্রকল্প প্রস্তাব আগেই গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল। কিন্তু সেতু বিভাগ সম্প্রতি একই প্রকল্পের আরেকটি প্রস্তাব পাঠায় প্রধানমন্ত্রীর দপ্তরে। কাল বুধবার এ নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে সভা ডাকা হয়েছে।অভিযোগ উঠেছে, নিজস্ব প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যর্থতা বা ধীরগতি পরিলক্ষিত হলেও যোগাযোগ মন্ত্রণালয় ও এর অধীন সংস্থাগুলো এখন অন্য কর্তৃপক্ষের প্রায় তৈরি প্রকল্পের দিকে হাত বাড়াচ্ছে। ইতিপূর্বে রাজউকের কুড়িল উড়ালসেতু নির্মাণের বিষয়েও সেতু বিভাগ হস্তক্ষেপ করেছিল। পুরানা পল্টন মোড় থেকে বাবুবাজার হয়ে ঢাকা-মাওয়া সড়ক (ঝিলমিল) পর্যন্ত নতুন উড়ালসেতুর সম্ভাব্যতা যাচাইয়ের কাজ অনেকখানি এগোনোর পর এখন তা সেতু বিভাগে চলে গেলে প্রকল্পটি অনিশ্চয়তায় পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছে সংশ্লিষ্ট সূত্র।যোগাযোগ করা হলে গৃহায়ণ ও গণপূর্ত সচিব খোন্দকার শওকত হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা আগেই এই উড়ালসেতু নির্মাণের উদ্যোগ নিয়েছি। তবে বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্য সচিবের সভাপতিত্বে যে সভা হবে, সে সভার সিদ্ধান্তের আলোকেই সবকিছু হবে।’রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা এ প্রসঙ্গে বলেন, প্রধানমন্ত্রীর অঙ্গীকারের ভিত্তিতে রাজউক এই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেয় গত মার্চের শুরুতে। পদ্মা সেতুর সঙ্গে এই সেতুর সংযোগ হওয়ার কথা। তিনি বলেন, ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (ডিআইটি) অ্যাক্ট অনুযায়ী, উড়ালসেতুটি রাজউকেরই করার কথা। এ জন্য সরকার ও সরকারের (জি টু জি) মধ্যে আলোচনাও হয়েছে। মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে দুটি প্রতিনিধিদল এসে এলাকা পরিদর্শনও করে গেছে।এ বিষয়ে জানতে সেতু বিভাগের প্রধান প্রকৌশলী আবদুল ওদুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।রাজধানীর যানজট নিরসনে রাজউক চলতি বছরের শুরুতে গুলিস্তানের গোলাপশাহ মাজার থেকে বাবুবাজার পর্যন্ত উড়ালসেতু নির্মাণের উদ্যোগ নেয়। পরে ঢাকা-মাওয়া সড়কে ঝিলমিল প্রকল্প এলাকায় যাতায়াতের সুবিধার্থে পুরানা পল্টন মোড় থেকে ঝিলমিল পর্যন্ত উড়ালসেতু নির্মাণের প্রকল্প নেওয়া হয়। প্রকল্পটির নাম দেওয়া হয় ‘কনস্ট্রাকশন অব ফ্লাইওভার ফ্রম পল্টন টু নিউ ব্রিজওভার বুড়িগঙ্গা রিভার’। এ বিষয়ে রাজউকের উড়ালসেতু প্রকল্প পরিচালন বিভাগ থেকে জানানো হয়, বুড়িগঙ্গা নদীর ওপর বর্তমানে তিনটি সেতু রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে চতুর্থ সেতু করে ঢাকা-মাওয়া সড়কের ঝিলমিল প্রকল্প এলাকা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য নকশা করা হয়েছে। ১০ দশমিক ৮ কিলোমিটার দৈর্ঘ্যের উড়ালসেতুর চওড়া হবে ১০ দশমিক ২৮ মিটার থেকে ১৮ দশমিক ২৫ মিটার।