পল্টন থেকে দৈনিক বাংলার মোড় পর্যন্ত হেফাজতের তাণ্ডব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্টন মোড় থেকে দৈনিক বাংলার মোড় পর্যন্ত ডিভাইডার ভেঙে রাস্তায় অবরোধ সৃষ্টি করেছেন হেফাজতের কর্মীরা। পুরো রাস্তার বিভিন্ন জায়গায় আগুন দেওয়া হয়। আশপাশের গলিতেও আগুন জ্বালায় হেফাজতের কর্মীরা। তবে রাতে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলে।ঘটনাস্থল থেকে আমাদের প্রতিবেদক রাত নয়টার দিকে জানান, পুলিশ যাওয়ার পর হেফাজতের কর্মীরা ভাগ হয়ে বায়তুল মোকাররমের ভেতরে, পাশের একটি গলিতে ও বায়তুল মোকাররমের পূর্ব পাশে অবস্থান নেন। এদিকে রাজধানীর পুরানা পল্টনের হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ভবন, জিপিও, বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের দোতলার আগুন নিয়ন্ত্রণে এসেছে। এর আগে ঘটনাস্থল থেকে আমাদের প্রতিবেদক জানান, পুলিশ আগুন নেভাতে যাওয়ার জন্য বায়তুল মোকাররম মার্কেটের দিকে যাওয়ার চেষ্টা করলে হেফাজতের কর্মীরা তাদের বাধা দেন। পুলিশকে লক্ষ্য করে হেফাজতের কর্মীরা ঢিল ছোড়েন। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানা গেছে, আগুন নেভাতে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়িকেও বাধা দিয়েছেন হেফাজতের কর্মীরা। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হাউস বিল্ডিংয়ের নিচতলার একাংশ আগুনে পুড়ে গেছে। আগুন দোতলায়ও ছড়িয়ে পড়ে।এর আগে পল্টনের র্যাংগস ভবনে আগুন দেওয়া হয়। সেখানে ‘সকালের খবর’ পত্রিকার কার্যালয় রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। আগুন ও সংঘর্ষের কারণে ওই ভবনে থাকা ‘সকালের খবর’ পত্রিকার বেশির ভাগ সাংবাদিক ও কর্মী আজ রোববার কার্যালয়ে ঢুকতে পারেননি।ঘটনাস্থল থেকে আমাদের প্রতিবেদক ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর থেকেই পল্টনে হেফাজতে ইসলামের কর্মীরা বিভিন্ন জায়গায় ভাঙচুর চালাচ্ছেন ও আগুন দিচ্ছিলেন। দুপুরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। সহিংসতার একপর্যায়ে সিপিবি কার্যালয়ের উল্টো দিকের র্যাংগস ভবনে আগুন দেওয়া হয়। এ সময় ওই ভবনের নিরাপত্তা কর্মীদেরকেও মারধর করা হয়। ওই ভবনের আটতলা ও নয়তলায় সকালের খবরের কার্যালয়। আমাদের প্রতিবেদক ও প্রত্যক্ষদর্শীরা জানান, র্যাংগস ভবনের আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস চেষ্টা করলে হেফাজতের লোকজন তাতে বাধা দেন। পরে পুলিশের পাহারায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কাজ করেন।‘সকালের খবর’ পত্রিকার প্রধান প্রতিবেদক সাইফ ইসলাম দিলাল প্রথম আলো ডটকমকে বলেন, সন্ধ্যায় তাঁদের ভবনে আগুনে দেওয়া হয়। আগুন ও সংঘর্ষের কারণে তাঁদের বেশির ভাগ সাংবাদিক ও কর্মী কার্যালয়ে আসতে পারেনি। তবে এ অবস্থার মধ্যেও সোমবার সীমিত আকারে পত্রিকা বের হবে।’ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, পল্টন এলাকার বেশ কিছু স্থাপনায় আগুন দেওয়া হয়েছে। আগুন নেভাতে যাওয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়িতেও বাধা দেওয়া হয়। তবে পুলিশ পাহারায় কর্মীরা কাজ করছেন।সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দিলকুশায় বিআরটিসির প্রধান কার্যালয়ের সামনে কয়েকটি বাস আগুন দিয়ে পোড়ানো হয়। এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি বাস ছিল। বিআরটিসির ডিজিএম (অপারেশন) খান কামাল জানান, রাজধানীর বিভিন্ন জায়গায় বিআরটিসির পাঁচটি বাস আগুন দিয়ে পোড়ানো হয়েছে। এর আগে সন্ধ্যা সাতটার দিকে পল্টনে ফুটপাতের শতাধিক দোকান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন হেফাজতের কর্মীরা। এ সময় কেএফসির একটি দোকানেও আগুন দেওয়া হয় বলে আমাদের প্রতিবেদক জানান। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিভিয়েছেন।