পল্টন হত্যাকাণ্ডের বিচার চাইলেন জামায়াত নেতারা
২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন হত্যাকাণ্ডের বিচার চাইলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। পল্টন হত্যা দিবস উপলক্ষে আজ বুধবার জামায়াত মগবাজারে আলফালাহ মিলনায়তনে ওই ঘটনায় নিহত হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করে। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনার উচিত সব হত্যার বিচার করা। আপনি আপনার বাবার হত্যার বিচার করেছেন। এই হত্যার বিচার না করলে আপনি হত্যার সহযোগী হিসেবে বিবেচিত হবেন।’প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ বলেন, ‘২৮ অক্টোবরের হত্যার বিচার একদিন করব। আমরা রক্তের বদলে রক্ত নেব না। এ দেশে ইসলামি আইন যদি বাস্তিবায়িত হয়, তাহলেই মানুষ তাঁর অধিকার পাবে। শহীদদের মনোবাসনা পূর্ণ হবে।’ দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আবদুস সুবহান বলেন, ‘আওয়ামী লীগের ইতিহাস মানুষ মারার ইতিহাস। আওয়ামী লীগের জন্মই হয়েছিল এ দেশে হত্যার রাজনীতি শুরু করার জন্য। পাকিস্তান আমলে তারা এ দেশের মানুষকে হত্যা করে ক্ষমতায় আসার চেষ্টা করেছিল। এখনো তারা হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে।’