পল্টনে আজ সমাবেশ করবে না জামায়াত : মুজাহিদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ বলেছেন, জামায়াত গণতান্ত্রিক রীতি-নীতিতে বিশ্বাসী ও শ্রদ্ধাশীল। জামায়াত সব সময়ই শান্তির পক্ষে। তাই বিরাজমান পরিস্থিতিতে জামায়াত আজ আগের ঘোষণা অনুযায়ী পল্টনে সমাবেশ না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে কাল ঢাকাসহ ছয়টি মহানগরে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে তারা। আজ সোমবার দুপুরে দলের বড় মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মুজাহিদ এ কথা বলেন।এর আগে সকালেই জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, তারা পল্টনে আজ সমাবেশ করবে না। ১৪৪ ধারা সত্ত্বেও পল্টনে সমাবেশ করার ব্যাপারে গতকাল রোববার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে ঘোষণা দেওয়ার মাত্র এক দিনের মাথায় আজ সে অবস্থান থেকে দলটি সরে যায় । এদিকে আগের ঘোষণা অনুসারে জামায়াতের নেতা-কর্মীরা সকাল থেকে পুরানা পল্টনে দলের মহানগর কার্যালয়ে সমবেত হওয়ার চেষ্টা করে। তবে আশপাশের এলাকা জুড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করায় তাদের সে চেষ্টা সফল হয়নি। প্রসঙ্গত, পানি, বিদ্যুত্, গ্যাসের দাবি ও টিপাইমুখ বাঁধ নির্মাণের উদ্যোগের প্রতিবাদে আজ পল্টন ময়দানে সমাবেশ ডাকে জামায়াত। একই দিন একই জায়গায় একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সমাবেশ ডাকে যুবলীগ। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ গতকাল রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পল্টনে ১৪৪ ধারা জারি করে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু এর পরও জামায়াত গতকাল এক সংবাদ সম্মেলনে পল্টনে সমাবেশ করার ঘোষণা দেয়।