পল্টনে একই দিনে সমাবেশ ডেকেছে জামায়াত ও যুবলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৩১ মে পানি, বিদ্যুৎ, গ্যাসের দাবি ও টিপাইমুখে ভারতের বাঁধ নির্মাণ উদ্যোগের প্রতিবাদে পল্টন ময়দানে সমাবেশ ডেকেছে জামায়াতে ইসলামী। তবে যুবলীগ ওই দিন একই জায়গায় একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সমাবেশ ডাকায় আদৌ সেখানে কোনো সমাবেশ হবে কি না, সে বিষয়ে সন্দেহ দেখা দিয়েছে।ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘আমরা দুই দলেরই আবেদন পেয়েছি। পুলিশের মতিঝিল অঞ্চলের উপকমিশনারকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন দেখে ব্যবস্থা নেওয়া হবে।’যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, পল্টনে সমাবেশ করার পরিকল্পনা অনেক দিন আগের। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জামায়াত যে পল্টনে সমাবেশ ডেকেছে—এটা আমরা জানতাম না। আমরা আগেই জাতীয় ক্রীড়া পরিষদ ও পুলিশ কমিশনারের কাছে পল্টন ময়দান ব্যবহারের অনুমতি চেয়ে চিঠি দিয়েছি। অনুমতি পাওয়া সাপেক্ষে সমাবেশ হবে।’ এক প্রশ্নের জবাবে তিনি জানান, ২৩ মে তাঁরা অনুমতি চেয়ে এই আবেদনগুলো করেছেন।ওমর ফারুক চৌধুরী জানিয়েছেন, আজ বিকেলে ওই সমাবেশকে সফল করাসহ নানা বিষয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়েছে। বৈঠকে মহানগর যুবলীগের উত্তর ও দক্ষিণ শাখাকে সমাবেশ সফল করতে যাবতীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও এতে বক্তব্য দেবেন।গত বৃহস্পতিবার জামায়াত পল্টন ময়দানে সমাবেশ করার কথা সাংবাদিকদের জানিয়েছিল। সমাবেশ সফল করতে প্রস্তুতিও নিয়েছে দলটি। ওই দিন একই জায়গায় যুবলীগ সমাবেশ ডাকায় দলের নেতারা চিন্তিত হয়ে উঠেছেন। কারণ, গত কয়েক মাসে সারা দেশে একই কারণে জামায়াতের বেশ কয়েকটি কর্মসূচি পণ্ড হয়েছে।দেখা গেছে, জামায়াত কর্মসূচি ডাকার সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠন একই জায়গায় কর্মসূচি দেয়। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পুলিশ ১৪৪ ধারা জারি করে কোনো সংগঠনকেই সমাবেশ করতে দেয় না। এবারও এমনটি হতে পারে বলে জামায়াতের নেতারা আশঙ্কা করছেন।জামায়াতের জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান প্রথম আলোকে বলেছেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদ এরই মধ্যে তাদের পল্টন ময়দান ব্যবহার করার অনুমতি দিয়েছে। পরিষদ একই সঙ্গে দুজনকে মাঠ ব্যবহার করার অনুমতি দেয় কীভাবে? এক জায়গায় তো আর দুই সমাবেশ হবে না। আমরা ক্রীড়া পরিষদের অনুমতি পেয়ে সব প্রস্তুতি নিচ্ছি। কেউ ইচ্ছাকৃতভাবে অন্য রকম পরিস্থিতি তৈরি করতে চায় কি না, সেটা সরকারের দেখা উচিত।’