পল্টনে এটিএন নিউজের গাড়িসহ তিনটি গাড়িতে আগুন (ভিডিও)
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ সোমবার দুপুর ১২টার দিকে এক প্রতিবাদ সমাবেশের পর তিনটি গাড়িতে অগ্নিসংযোগ ও কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রোববার খালেদা জিয়ার গুলশান কার্যালয় লক্ষ্য করে গুলি ছোড়ার প্রতিবাদে আজ তাত্ক্ষণিকভাবে এ বিক্ষোভ-সমাবেশের আয়োজন করা হয়।আজ সমাবেশের সমাপ্তি ঘোষণার পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা সবাই শান্তিপূর্ণভাবে চলে যান।’নেতা-কর্মীরা যাওয়ার সময় হুড়োহুড়ির সৃষ্টি হয়। এ সময় এটিএন নিউজের একটি গাড়িসহ তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়। এতে এটিএন নিউজের গাড়িচালক সোলায়মান আহত হয়েছেন। আগুন দেওয়ার সময় তিনি গাড়ির ভেতরই ছিলেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সা দেওয়া হচ্ছে। এ ছাড়া পর পর কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এর পর নেতা-কর্মীরা সেখান থেকে পালিয়ে যান। পরে পুলিশ ওই এলাকায় টহল দেয়। এখনো ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে, এ ঘটনার পর ফকিরাপুল এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে নয়াপল্টন এলাকা থেকে একজনকে আটক করেছে পুলিশ। তবে তাত্ক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার প্রথম আলো ডটকমকে বলেন, পুলিশ কোনো অ্যাকশনে যায়নি। এর আগেই তারা তিনটি গাড়িতে আগুন দেয় ও তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এর আগে বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল দাবি করেন, গতকাল আনুমানিক রাত সাড়ে ১১টার দিকে তিনটি মোটরসাইকেলে করে ছয়জন আওয়ামী সন্ত্রাসী বিএনপির চেয়ারপারসনের কার্যালয় লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। তিনি বলেন, ‘এ ঘটনা প্রমাণ করে, দেশে আইনের শাসন নেই, জঙ্গলের শাসন চলছে।’ এ ঘটনার নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার দাবি জানান তিনি। সমাবেশটি তাত্ক্ষণিকভাবে আয়োজন করায় বিএনপির কয়েক শ নেতা-কর্মী এতে উপস্থিত ছিলেন।সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘এ প্রতিবাদ ছোট হতে পারে, কিন্তু এটি সারা দেশের প্রতিচ্ছবি।’ তিনি বলেন, ‘সরকার এত দিন অনেক কিছু নিয়ে খেলা করেছে। এখন দেশনেত্রীর জান নিয়ে খেলার চেষ্টা করছে। চোরের মতো গুলি করছে। নেত্রীর কোনো ক্ষতি হলে সরকার কোনোভাবেই দায় থেকে মুক্তি পাবে না।’সমাবেশ থেকে খালেদা জিয়ার গুলশান কার্যালয় লক্ষ্য করে গুলি করার প্রতিবাদে আগামী ৪ এপ্রিল সারা দেশে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি।আজ বেলা দুইটার দিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান কেন্দ্রীয় কার্যালয় থেকে বের হয়ে যান। এ সময় সাংবাদিকেরা মির্জা ফখরুলের কাছে জানতে চান, ‘আপনি শান্তিপূর্ণভাবে চলে যেতে বলার পরও কীভাবে এ ঘটনা ঘটল।’ তবে তিনি এ প্রশ্নের উত্তর দেননি।বিকেলে মির্জা ফখরুল বিএনপি কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযোগ করেন, সরকারের মদদপুষ্ট সন্ত্রাসীরা ওই ঘটনার সঙ্গে জড়িত।