পল্টনে জামায়াত ও যুবলীগের সমাবেশ পুলিশের নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানি, বিদ্যুৎ ও গ্যাসের দাবিতে এবং টিপাইমুখ বাঁধ নির্মাণের উদ্যোগের প্রতিবাদে আগামী ৩১ মে পল্টন ময়দানে সমাবেশ ডেকেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই দিন একই জায়গায় একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সমাবেশ ডেকেছে যুবলীগ। এ পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ আজ রোববার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পল্টনে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক গতকাল শনিবার রাতে প্রথম আলোকে সভা-সমাবেশ নিষিদ্ধ করার বিষয়টি নিশ্চিত করেছেন।জামায়াত পল্টন ময়দানে সমাবেশ করার কথা সাংবাদিকদের জানিয়েছিল গত বৃহস্পতিবার। সমাবেশ সফল করতে প্রস্তুতিও নিয়েছে দলটি। জামায়াত নেতারা দাবি করেন, গত কয়েক মাসে সারা দেশে জামায়াতের বেশ কয়েকটি কর্মসূচি পণ্ড হয়েছে। কারণ, জামায়াত কর্মসূচি দেওয়ার সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সংগঠন একই জায়গায় কর্মসূচি ডেকেছে। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় পুলিশ ১৪৪ ধারা জারি করে কোনো সংগঠনকেই সমাবেশ করতে দেয়নি। এবারও এমনটি হতে পারে বলে জামায়াতের নেতারা আশঙ্কা করছেন।যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যুবলীগের সমাবেশ: যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, ‘পল্টনে সমাবেশ করার পরিকল্পনা তাঁদের অনেক দিন আগের। তবে জামায়াত যে পল্টনে সমাবেশ ডেকেছে, এটা আমরা জানতাম না। আমরা আগেই জাতীয় ক্রীড়া পরিষদ ও পুলিশ কমিশনারের কাছে পল্টন ময়দান ব্যবহারের অনুমতি চেয়ে চিঠি দিয়েছি। অনুমতি পাওয়া সাপেক্ষে সমাবেশ হবে।’ কবে অনুমতি চেয়েছেন—জানতে চাইলে তিনি বলেন, ২৩ মে তাঁরা অনুমতি চেয়ে আবেদন করেছেন।ওমর ফারুক চৌধুরী জানান, গতকাল শনিবার বিকেলে ওই সমাবেশকে সফল করাসহ নানা বিষয়ে যুবলীগের কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়। বৈঠকে মহানগর যুবলীগের উত্তর ও দক্ষিণ শাখাকে সমাবেশ সফল করতে যাবতীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এ ছাড়া সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও এতে বক্তব্য দেবেন।সমাবেশ সফল করতে জামায়াতের প্রস্তুতি: গতকাল পুরানা পল্টনে ঢাকা মহানগর জামায়াতের কার্যালয়ে জামায়াতের সমাবেশ প্রস্তুতি কমিটির বৈঠক হয়। বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ বলেন, ‘পল্টনে সমাবেশ হবে এবং সমাবেশ করার জন্যই ব্যানার পোস্টার ঝুলছে।... মাঠ ব্যবহারের অনুমতি পেয়ে পল্টনে জামায়াতের সমাবেশ করার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।’ তিনি সমাবেশে মাইক ব্যবহার করার অনুমতি দিতে পুলিশের প্রতি আহ্বান জানান।যুবলীগের সমাবেশ ডাকার বিষয়ে জানতে চাইলে জামায়াতের জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘ক্রীড়া পরিষদ তাঁদের পল্টন ময়দান ব্যবহার করার অনুমতি দিয়েছে। পরিষদ একই সঙ্গে দুইজনকে মাঠ ব্যবহার করার অনুমতি দেয় কেমনে? এক জায়গায় তো আর দুই সমাবেশ হবে না। আমরা প্রস্তুতি নিচ্ছি। কেউ ইচ্ছাকৃতভাবে অন্য রকম পরিস্থিতি তৈরি করতে চায় কি না, সেটা সরকারের দেখা উচিত।নিষেধাজ্ঞা: ঢাকা মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করা লক্ষ্যে মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে আজ সকাল ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পল্টন ময়দান, দৈনিক বাংলা মোড়, জিরো পয়েন্ট, বায়তুল মোকাররম উত্তর ও দক্ষিণ গেট, শাপলা চত্বর, মুক্তাঙ্গন, ফুলবাড়িয়া ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করেন। এ ছাড়া যানবাহন ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও রাস্তায় দাঁড়িয়ে বসে কোনো ধরনের সভা-সমাবেশ ও মিছিল করা যাবে না বলে উল্লেখ করা হয়।