পল্টনে বিএনপির মহাসমাবেশ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টন ময়দানে আজ বুধবার দুপুর দুইটায় বিএনপির ঢাকা বিভাগীয় মহাসমাবেশ হচ্ছে। সমাবেশে বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সরকারবিরোধী আন্দোলন কর্মসূচি ঘোষণা করার কথা। মহাসমাবেশের সব প্রস্তুতি শেষ হয়েছে। সমাবেশস্থল ও এর আশপাশের এলাকা ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। পুলিশ ও র‌্যাবের পাশাপাশি বিএনপির নিজস্ব নিরাপত্তাব্যবস্থাও থাকছে। বিএনপি সূত্রে জানা গেছে, সরকারের ওপর চাপ সৃষ্টি করাই এই আন্দোলন কর্মসূচির প্রধান উদ্দেশ্য। দলের নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির একাধিক সদস্য প্রথম আলোকে বলেন, মহাসমাবেশ থেকে সরকার পতনের মতো আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে না। নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি সরকারের বিরুদ্ধে জনগণকে সচেতন করার লক্ষ্য নিয়ে বিএনপি সামনের দিকে এগোবে। স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ বলেন, জনগণকে ভোগান্তিতে পড়তে হয়, এমন কোনো কর্মসূচি দেওয়া হবে না। সরকারের যেসব কর্মকাণ্ড বিএনপি অন্যায় বলে মনে করে, তার বিরুদ্ধে রাজপথে কর্মসূচি দেওয়া হবে। সরকার সংসদে বিরোধী দলের কথা না শোনার কারণে এ ধরনের কর্মসূচি দেওয়া হচ্ছে। গত রোববার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে লংমার্চ, মানববন্ধন, বিক্ষোভ সমাবেশের মতো কর্মসূচি ঘোষণার ব্যাপারে আলোচনা হয়। এখনই হরতার, অবরোধ বা ধর্মঘটের মতো কর্মসূচি না দেওয়ার ব্যাপারে ওই বৈঠকে সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, সরকারের বিরুদ্ধে জনমত সৃষ্টির লক্ষ্যে নানা কর্মসূচি নিয়ে স্থায়ী কমিটিতে আলোচনা হয়েছে। তবে দেশ ও জনগণের জন্য ক্ষতিকর কোনো কর্মসূচি দেওয়া হবে না। প্রস্তুতি শেষ: ঢাকা বিভাগীয় মহাসমাবেশ হলেও এতে সারা দেশ থেকে নেতা-কর্মীরা অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। তবে ঢাকা বিভাগের ১৭টি জেলার নেতাদের কাছে ব্যাপক লোকসমাগমের নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। মহাসমাবেশের প্রধান সমন্বয়কারী নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, এই মহাসমাবেশে স্মরণকালের সবচেয়ে বড় জমায়েত হবে। এ লক্ষ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। তবে সরকারদলীয়রা সমাবেশে বাধা দেওয়ার পাঁয়তারা করছে বলে তিনি অভিযোগ করেন। দুঃখ প্রকাশ: ঢাকা বিভাগীয় মহাসমাবেশের কারণে সৃষ্ট ভোগান্তির জন্য নগরবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশ করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে মহাসমাবেশ আয়োজনের প্রধান সমন্বয়কারী ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ‘খালেদা জিয়ার বিশাল মহাসমাবেশ উপলক্ষে কাল নগরবাসীকে কয়েক ঘণ্টার জন্য ভোগান্তিতে পড়তে হবে। এ জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।’সংবাদ ব্রিফিংয়ে নজরুল ইসলাম খান অভিযোগ করেন, আওয়ামী লীগ মহাসমাবেশে বাধা দিতে নানা অপকৌশলের আশ্রয় নিয়েছে। তারা বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে পুলিশ পাঠিয়ে ভয়ের পরিবেশ সৃষ্টি করছে। পোস্টার লাগাতে বাধা দিচ্ছে। এমনকি বিভিন্ন জেলা থেকে বাস ভাড়া করতেও বাধা দেওয়া হচ্ছে।পুলিশের প্রতিবাদ: ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহাসমাবেশ উপলক্ষে পুলিশ বিএনপির কোনো নেতা-কর্মীর বাড়িতে গিয়ে ভয়ভীতি দেখায়নি। কোনো নেতা-কর্মীকে গ্রেপ্তার করাও হয়নি। বরং মহাসমাবেশে আগত নেতা-কর্মীদের নিরাপত্তার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। পুলিশের নিরাপত্তাব্যবস্থা: ঢাকা মেট্রোপলিটন পুলিশ সভাস্থল ও এই এলাকায় প্রবেশের বিভিন্ন পথে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। সমাবেশ ঘিরে পুলিশের টহল দল, আশপাশের উঁচু ভবনে নিরাপত্তারক্ষী মোতায়েন, সিসিটিভি থাকবে। সমাবেশে আগতদের জন্য বিশুদ্ধ খাওয়ার পানি সরবরাহের ব্যবস্থাও করেছে পুলিশ।