পল্টনে সাড়ে ১২০০ ভরি স্বর্ণালংকার চুরি
রাজধানীর পল্টনে একটি সোনার দোকান থেকে এক হাজার ২৫০ ভরি সোনা খোয়া গেছে। পল্টন সুপার মার্কেটের সানফ্লাওয়ার জুয়েলার্সে চুরির ঘটনাটি ঘটে। ২০০১ সালে এই একই দোকান থেকে সাড়ে চার হাজার ভরি সোনা চুরি হয়েছিল।পল্টন থানার পুলিশ ও সানফ্লাওয়ার জুয়েলার্স সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার পল্টন সুপার মার্কেটে ছুটি ছিল। গত বুধবার রাত সাড়ে আটটার দিকে দোকান বন্ধ করে কর্মচারীরা চলে যান। এরপর আজ সকাল আটটার দিকে দোকান খুলে কর্মচারীরা দেখেন, দোকানে কোনো গয়না নেই। সবকিছুর তছনছ অবস্থা। দোকানের কর্মচারী শামসুল হক জানান, চোরেরা প্রথমে জুয়েলারি দোকানের পাশের একটি প্রসাধনসামগ্রীর দোকানের তালা ভেঙে ঢোকে। পরে ওই দোকানের নিচের দিকের দেয়াল ভেঙে তারা সোনার দোকানে ঢোকে।পল্টন থানার পরিদর্শক (তদন্ত) গোলাম সারওয়ার বলেছেন, ঘটনার পর পুলিশের একটি দল অপরাধীদের ধরতে কাজ করছে। অচিরেই তাদের শনাক্ত করা যাবে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।