পল্টনে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টন মোড়ে আজ রোববার সকালে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শাহীন (২৫) নামে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, রাজধানীর পল্টন মোড়ে আজ সকালে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাহীন, শাহীনের বন্ধু জসীমউদ্দিন (২৫), রাসেল (২৩) ও শাহীনের ফুপাতো ভাই আয়ুব আলী (২৫) আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক শাহীনকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে চিকিত্সাধীন আহত ব্যক্তিরা জানান, জসীম মধ্যপ্রাচ্যে যাবেন। তাঁর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য সকাল সাড়ে সাতটার দিকে তাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানকার কাজ শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড্ডার জগন্নাথপুরে ফেরার পথে পল্টন মোড়ে দুর্ঘটনায় পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।