পল্টনে ১৪৪ ধারা, খোন্দকার দেলোয়ারের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পল্টনে জামায়াতে ইসলামীর সমাবেশে ১৪৪ ধারা জারি করার নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। এক বিবৃতিতে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্র, বাকস্বাধীনতা এবং জনগণের মৌলিক ও মানবিক অধিকারে বিশ্বাস করে না বলেই সভা-সমাবেশে বাধা দেওয়ার মাধ্যমে একদলীয় স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম করতে চায়।খোন্দকার দেলোয়ার আজ রোববার এই বিবৃতি দেন। বিবৃতিতে তিনি বলেন, পল্টন ময়দান ব্যবহারের সরকারি অনুমতি প্রদান সাপেক্ষে জামায়াত ভাড়া বাবদ এক লাখ ৫০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে। এরপর একই স্থানে যুবলীগের সমাবেশ ডাকা এবং তার পরিপ্রেক্ষিতে সমাবেশ নিষিদ্ধ করা সরকারের একদলীয় মনোভাবেরই বহিঃপ্রকাশ।দেলোয়ার বলেন, অতীতেও আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে জনমত উপেক্ষা করে জনগণের সব অধিকার রুদ্ধ করে একদলীয় বাকশাল শাসন কায়েম করেছিল। এর করুণ পরিণতি তাদের ভোগ করতে হয়েছিল। ভবিষ্যতেও তাদের অপশাসন ও স্বৈরতান্ত্রিক আচরণের জবাব জনগণ দিতে ভুল করবে না।উল্লেখ্য, পানি, বিদ্যুত্, গ্যাসের দাবি ও টিপাইমুখ বাঁধ নির্মাণের উদ্যোগের প্রতিবাদে কাল সোমবার পল্টন ময়দানে সমাবেশ ডেকেছে জামায়াত। এদিকে একই দিন একই জায়গায় যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে পাল্টা সমাবেশ ডাকে আওয়ামী যুবলীগ। এ অবস্থায় গতকাল শনিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয় আজ রোববার রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পল্টনে সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে।