পল্টু থেকে প্রেসিডেন্ট (ভিডিও)
২৫ জুলাই ভারতের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে চলেছেন ভারতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন জোটের প্রার্থী প্রণব মুখার্জি। তিনি হবেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। প্রণব মুখার্জি প্রায় চার দশক ধরে রাজনীতির সঙ্গে জড়িত। ১৯৭১ সালের পর তিনি কংগ্রেসের সব কটি সরকারে কোনো না কোনো দায়িত্ব পালন করেছেন। মাঝখানে কিছু সময়ের জন্য দল থেকে বেরিয়ে গিয়েছিলেন। গড়ে তুলেছিলেন নিজের দল। পরে আবার ফিরে আসেন কংগ্রেসেই। এরপর তাঁকে গান্ধী পরিবারের আস্থাভাজন হতে বেশ পরিশ্রম করতে হয়েছে।ছেলেবেলায় লড়েছিলেন দারিদ্র্যের বিরুদ্ধে। স্কুলের পড়া শেষে ভর্তি হয়েছিলেন সূরির বিদ্যাসাগর কলেজে। এরপর এমএ পাস করেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে এমএ ডিগ্রি ছাড়াও আইনে ডিগ্রি নেওয়া আছে তাঁর।১৯৩৫ সালের ১১ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বীরভূমে জন্ম প্রণব মুখার্জির। ডাকনাম ছিল পল্টু। কলকাতার সহকারী প্রধান হিসাবরক্ষকের অফিসে ঊর্ধ্বতন কেরানি হিসেবে তাঁর কর্মজীবন শুরু। পরে বীরভূম কলেজের শিক্ষক হয়েছিলেন। ‘দেশের ডাক’ নামের পত্রিকায় সাংবাদিক হিসেবেও কাজ করেন কিছুকাল।৭৬ বছর বয়সী প্রণব মুখার্জি নিয়মিত ডায়েরি লেখেন। যখন তিনি পররাষ্ট্র, প্রতিরক্ষা বা অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তখনো নিষ্ঠার সঙ্গে ডায়েরি লিখেছেন। তাঁর মেয়ে এই ডায়েরি প্রকাশ করতে চাইলে বাধ সাধেন প্রণব। তিনি মত দেন, তাঁর মৃত্যুর পর যেন তা প্রকাশ করা হয়।
জীবনযাপনে পুরোদস্তুর বাঙালি প্রণব মুখার্জি। প্রিয় খাবার মাছ। মঙ্গলবার বাদে সপ্তাহের প্রতিদিন তাঁর মাছ চাই। এর বাইরে পোস্তও তাঁর প্রিয় খাবারের তালিকায় আছে।খুব ভোরে ঘুম থেকে ওঠা চাই তাঁর। পূজা সেরে তারপর কাজে হাত দেন বাঙালি বাবু। রাতে ঘুমাতে যাওয়ার আগে বই পড়া নিত্যদিনের কাজ। আর দুপুরে ভাতঘুমটা কখনোই বাদ যায় না তাঁর।