পল্বাশাও ঢাকায়
দেশের মানুষ তাঁর ঠিকঠাক কদর না করলে কী হবে, ভিনদেশে গিয়ে কিন্তু পল্বাশা তাঁর সত্যিকারের পরিচয়টা ঠিকই তুলে ধরেছেন। বিশ্বের অসংখ্য মানুষের কাছে পল্বাশা খুবই পরিচিত একটা নাম। বলতে গেলে তিনি এখন বাংলাদেশের আন্তর্জাতিক সংগীত তারকা। ইউটিউবে তাঁর গাওয়া রবীন্দ্রসংগীতের একটা মিউজিক ভিডিও বিশ্বের প্রায় সাড়ে তিন কোটি লোক দেখেছে, শুনেছে। আর গানটা ইন্টারনেটে ছাড়ার পরপরই কেনাবেচার সাইট আমাজনডটকমের তালিকায় বহুল বিক্রীত ১০টি গানের তালিকায় চলে আসে। এমনকি ম্যাডোনা আর মারাইয়া ক্যারির গানকেও ছাড়িয়ে যায় তাঁর গাওয়া গানটা। রাতারাতি তারকা বনে যান পল্বাশা সিদ্দিক।পল্বাশা যখন যু্ক্তরাষ্ট্রে যান, তাঁর বয়স ছিল তখন ১০ বছর। একটা বৃত্তি নিয়ে গান শিখতে সেখানে যান তিনি। সংগীতে উচ্চশিক্ষা নিচ্ছেন এখন। স্বপ্ন দেখেন দেশীয় সংগীতকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করিয়ে দেওয়ার। ঢাকার উত্তরায় বাড়ি তাঁদের। তাই সময়-সুযোগ পেলেই চলে আসেন ঢাকায়। ঢাকার লোকজন নিয়ে তাঁর উচ্ছ্বাসের সীমা নেই। তা নিয়েই পল্বাশা বলছিলেন, ‘ওখানে মানুষ অনেক বেশি স্বার্থপর, আমাদের মতো এতটা আন্তরিক না। সবাই যার যার মতো ব্যস্ত। অন্যকে নিয়ে ভাবার মতো সময় কম।’শহরের কথা আসতেই পল্বাশার মুখে চলে আসে ঢাকাই খাবারের কথা ‘ফখরুদ্দিনের কাচ্চি বিরিয়ানি, হাজির বিরিয়ানি, ফুচকা—ওগুলো খুব মিস করি। ফুচকা তো আমার খুবই পছন্দ। ঢাকায় এলেই মন ভরে ফুচকা খাই।’বিদেশে জীবনের বড় একটা সময় কাটালেও দেশকে কিন্তু ভুলে যাননি পল্বাশা। দেশের ছেলেমেয়েদের গান শেখাতে গানের স্কুল করার ইচ্ছা আছে তাঁর। শুধু পড়াশোনাটা শেষ হওয়ার অপেক্ষা। তারপর একছুটে চলে আসবেন ঢাকায়।