জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার যুক্তি উপস্থাপনকালে তাঁর আইনজীবী দাবি করেছেন, একাত্তরে মিরপুর বাঙলা কলেজের ছাত্র পল্লব হত্যাকাণ্ডের সময় কাদের মোল্লা সেখানে উপস্থিত ছিলেন না।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক গতকাল দ্বিতীয় দিনের মতো যুক্তি উপস্থাপন করেন। এ সময় কাদের মোল্লা আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।শুরুতে আবদুর রাজ্জাক আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর বিভিন্ন দিক তুলে ধরেন। কাদের মোল্লার বিরুদ্ধে আনীত মানবতাবিরোধী অপরাধের প্রথম অভিযোগটি উল্লেখ করে তিনি বলেন, একাত্তরের ৫ এপ্রিল মিরপুর বাঙলা কলেজের ছাত্র পল্লবকে হত্যা করা হয়। এ ঘটনা রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী শহিদুল হক ও দশম সাক্ষী আবদুল কাইয়ুম মানুষের কাছে শুনেছেন। কিন্তু সুনির্দিষ্টভাবে কার কাছে শুনেছেন, তা বলতে পারেননি। তাই এটা বিশ্বাস করা যায় না। অপর দিকে আসামিপক্ষের চতুর্থ সাক্ষী মোসাম্মৎ সায়েরা তাঁর সাক্ষ্যে বলেছেন, পল্লব হত্যার ঘটনা তিনি তাঁর শাশুড়ি ও পরিচিতজনদের কাছে শুনেছেন।এ সময় ট্রাইব্যুনাল বলেন, সায়েরা তাঁর শাশুড়ির কাছে পল্লবকে নির্যাতনের ঘটনা শুনেছেন।আবদুর রাজ্জাক বলেন, পল্লব হত্যার ঘটনা রাষ্ট্রপক্ষের সাক্ষীরা কোনো সুনির্দিষ্ট ব্যক্তির কাছে শোনেননি। কিন্তু সায়েরা পরিবারের অন্য সদস্যদের কাছে শুনেছেন। পরিবারের সদস্যের কাছে ঘটনার বর্ণনা শোনার আলাদা গুরুত্ব রয়েছে।এ পর্যায়ে ট্রাইব্যুনাল বলেন, অভিযুক্তের নাম ছাড়া উভয় পক্ষের (রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ) সাক্ষ্যে ঘটনার বর্ণনার বেশির ভাগেরই মিল আছে। আবদুর রাজ্জাক বলেন, উভয় পক্ষের সাক্ষ্যে ঘটনার বর্ণনা উঠে এসেছে। কিন্তু সেখানে (ঘটনাস্থলে) কাদের মোল্লা উপস্থিত ছিলেন না।ট্রাইব্যুনাল বলেন, সায়েরা সাক্ষ্যে বলেছিলেন, তিনি জীবনেও কাদের মোল্লার নাম শোনেননি। সায়েরার বক্তব্যে মনে হয়েছে, তা পক্ষপাতদুষ্ট। এর মাধ্যমে তিনি খুব সতর্কভাবে কাউকে বাঁচানোর চেষ্টা করেছেন।এ সময় আবদুর রাজ্জাক বলেন, তিনি (সায়েরা) কাদের মোল্লার নাম নাও শুনে থাকতে পারেন। কিন্তু তিনি তো পল্লব হত্যার ঘটনা অস্বীকার করেননি।পরে যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ বুধবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।সায়েরা পল্লবের বড় ভাইয়ের স্ত্রী। তিনি এ মামলায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত সাক্ষী ছিলেন। কিন্তু পরে আসামিপক্ষের চতুর্থ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন। এ মামলায় ১৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী যুক্তি উপস্থাপন শুরু করেন এবং শেষ করেন ২৭ ডিসেম্বর।