পল্লবী থেকে আজিমপুর পর্যন্ত স্কুলবাস উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসে উঠতে গিয়ে ব্যথা পাওয়া, সিট না পাওয়া বা দেরিতে স্কুলে পৌঁছানোর মতো ভোগান্তি শিক্ষার্থীদের পোহাতে হবে না। বাসের মধ্যে ভিডিওতে শিশুতোষ ও শিক্ষামূলক সিনেমা দেখতে দেখতে তারা স্কুলে যাবে। শিক্ষার্থী নির্দিষ্ট স্থানে নামলে বাড়িতে থাকা অভিভাবক খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানতে পারবেন তাঁর সন্তান নিরাপদে স্কুলে পৌঁছেছে—এমন প্রযুক্তিও বাসে থাকবে। গতকাল শনিবার রাজধানীতে স্কুলবাস উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলা হয়। গতকাল শনিবার মিরপুর বাংলা উচ্চবিদ্যালয় ও কলেজে স্কুলবাস সেবার উদ্বোধন করেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে স্কুলবাসের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। আজ রোববার ১৪টি স্কুলবাস রাজধানীর রাস্তায় নামবে। বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) তত্ত্বাবধানে পল্লবী থেকে টেকনিক্যাল হয়ে আজিমপুর পর্যন্ত ১০ মিনিট পরপর সকাল ছয়টা (শীতের সময় সাড়ে ছয়টা) থেকে নয়টা আবার বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত শিক্ষার্থীদের আনা-নেওয়া করবে। মোট ৩৩টি স্টপেজে বাসগুলো থামবে। নগরের ২৬টি স্কুল এ বাসের সেবা পাবে। শিক্ষার্থীদের বাসের মধ্যে দেখভাল করবেন একজন প্রশিক্ষিত নারী কর্মী। প্রয়োজন মনে করলে একজন করে অভিভাবকও বাসে যাতায়াত করতে পারবেন। ৫ থেকে ১৮ টাকা পর্যন্ত প্রাথমিকভাবে ভাড়া নির্ধারণ করা হয়েছে।অনুষ্ঠানের সভাপতি যোগাযোগসচিব মোজাম্মেল হক খান বলেন, ৫০ বছর আগের বিদ্যমান রাস্তা নিয়েই চলছে ঢাকা নগর। যানজট নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে। অভিভাবকদের আশ্বাস দিয়ে তিনি বলেন, গ্রামীণফোনের কৌশলগত সহায়তা ও বিটিআরসির তত্ত্বাবধানে শিশুরা আনন্দের মধ্যে স্কুলে আসবে-যাবে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্যও থাকবে বিশেষ ব্যবস্থা। অনুষ্ঠানের বিশেষ অতিথি বিআরটিসির চেয়ারম্যান এম এম ইকবাল বলেন, প্রায় প্রতিটি শিশুর জন্য একটি করে গাড়ি রাস্তায় চলার কারণে স্কুলের সময় যানজটের সৃষ্টি হয়। স্কুলবাস চালু হলে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমবে, রাজধানীর যানজট কমে আসবে। আরেক বিশেষ অতিথি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম গোলাম ফারুক বলেন, যে শিক্ষার্থী বছরের শুরুতেই বই হাতে পেয়েছে, সে যেন নিরাপদে স্কুলে যেতে পারে, তার জন্যই এ আয়োজন।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গ্রামীণফোনের প্রধান যোগাযোগ কর্মকর্তা কাজী মনিরুল কবির, মিরপুর এলাকার সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহ প্রমুখ।