পল্লবীতে চাঁদার দাবিতে দোকান কর্মচারী খুন
চাঁদা দাবির অভিযোগে থানায় দোকানের মালিক সাধারণ ডায়েরি করার এক ঘণ্টার মধ্যেই রাজধানীর পল্লবীর কালশী এলাকায় ওই ব্যক্তির দোকানে হামলা চালিয়ে দোকান কর্মচারী সজীবকে (২২) খুন করেছে সন্ত্রাসীরা। আজ রোববার রাতে এ ঘটনা ঘটে। সজীবের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, আজ রাত পৌনে আটটার দিকে পল্লবীর কালশি এলাকার মতলব জেনারেল স্টোরে এসে তিন সন্ত্রাসী গুলি চালায়। এ সময় দোকানে বসে থাকা সজীব বুকে ও ডানহাতে গুলিবিদ্ধ হন। রাত পৌনে নয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।পল্লবী থানার উপপরিদর্শক (এএসআই) মনিরুল জানান, সন্ধ্যা পৌনে সাতটার দিকেই দোকানের মালিক নাজির সরকার পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরিতে তিনি উল্লেখ করেন, রবিন পরিচয় দিয়ে কে বা কারা মুঠোফোনে তাঁর কাছে লাখ টাকা চাঁদা দাবি করছিলেন। ডায়েরি করে দোকানে ফেরার আগেই সন্ত্রাসীরা তাঁর দোকানে হামলা চালায়।নাজির সরকারের ভাই ফারুক সরকার প্রথম আলোকে জানান, প্রায় দুই মাস আগে তিন লাখ টাকা চাঁদা দাবি করে প্রথমে ফোনটা আসে। এরপর প্রায়ই ফোন আসত। আজ সকালে, দুপুরে ও বিকেলে কয়েক দফা ফোন করে টাকা চাওয়া হয়। আজকের মধ্যে টাকা না দিলে পরিবার-পরিজনসহ মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। এসব হুমকির মুখে নাজির সরকার সন্ধ্যার দিকে পল্লবী থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরি করে ফেরার সময় দোকানের কাছাকাছি এসে তিনি গুলির শব্দ শুনতে পান। এরপর দোকানে গিয়ে দেখেন সন্ত্রাসীদের তাণ্ডব।