পল্লবীতে প্রকৌশলীর বাসায় ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীতে এক প্রকৌশলীর বাসায় গতকাল রোববার দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা নগদ অর্থসহ ৭০ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিস লুটে নিয়েছে বলে প্রকৌশলীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ ঘটনায় গতকাল রাতেই পল্লবী থানায় পাঁচজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়।প্রথম আলো ডটকমকে দেওয়া গণপূর্ত বিভাগের সাবেক অতিরিক্ত প্রকৌশলী কাজী মহিউদ্দিন আলমের ভাষ্য, গতকাল দুপুরে পল্লবীর বি-ব্লকের ৩/১ নম্বর রোডের ৬০/৮ নম্বর বাসায় ডাকাতির ঘটনা ঘটে। বৈদ্যুতিক মিটার দেখার নাম করে প্রথমে দুজন ব্যক্তি দোতলার বাসায় ঢোকে। এ সময় তিনি ও তাঁর মেয়ে ব্যক্তিগত কাজে বাইরে ছিলেন। ওই দুজন বাসায় ঢুকে তাঁর স্ত্রী নাজনীন বেগমের হাত বেঁধে পিস্তল ঠেকায়। পরে আরও তিনজন বাসায় ঢুকে মালামাল লুট করতে থাকে। তিনি জানান, মেয়ের বিয়ে উপলক্ষে বাসায় রাখা ৭০ ভরি স্বর্ণালঙ্কার ও ব্রিফকেসে রাখা দেড় লাখ টাকা নিয়ে যায় ডাকাতেরা। এর সঙ্গে ব্যক্তিগত জরুরি কাগজপত্রও নিয়ে গেছে তারা।এ ব্যাপারে পল্লবী থানার উপপরিদর্শক (এসআই-তদন্ত) এনামুল হক আজ সোমবার বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।