পল্লবীতে বাসের ধাক্কায় ছাত্র নিহত
রাজধানীর মিরপুরের পল্লবীতে বাসের ধাক্কায় কাজী মাকসুদ আহমেদ ওরফে নোমান (২৫) নামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র নিহত হয়েছেন। তিনি প্রাইম ইউনিভার্সিটির ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাবার নাম কাজী গিয়াসউদ্দিন। গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদীতে। তিনি মিরপুরের ১২ নম্বর সেকশনের একটি মেসে থাকতেন।পুলিশ জানায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর পিত্জা হাটের সামনের সড়কে নোমানের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় সুপারলিংক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ সময় রাস্তায় পড়ে যান নোমান। গুরুতর অবস্থায় নোমানকে তাঁর বন্ধু মিজান ও বিপ্লব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে বেলা দুইটার দিকে তিনি মারা যান। ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ প্রথম আলো ডটকমকে বলেন, বাসের চালক বাবুকে আটক করে পল্লবী থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।