পল্লবীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র খুন
রাজধানীর মিরপুরে অমিত সাহা (২৪) নামের একজন বিশ্ববিদ্যালয়-ছাত্র খুন হয়েছেন। তিনি মিরপুরের ৬ নম্বর সেকশনের সি ব্লকের ১৫ নম্বর রোডের ২ নম্বর বাড়ির বাসিন্দা শ্যামল সাহা ও রিতা সাহার ছেল। ওই ভাড়াবাড়িতেই অমিতকে হত্যা করা হয়।এ ঘটনায় অমিতের তিন বন্ধুকে আটক করেছে পল্লবী থানার পুলিশ। অমিত ধানমন্ডির ইস্টার্ন ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মামুন প্রথম আলো ডটকমকে জানান, হত্যা করার আগে অমিতকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাঁর চোখে আঘাত ও গলায় শ্বাসরোধ করার চিহ্ন রয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেওয়া হয়েছে। অমিতের মামা কৃষাণ সাহা প্রথম আলো ডটকমকে জানান, মায়ের চিকিত্সা করাতে বাবা ও ভাইয়ের সঙ্গে ৪ নভেম্বর কলকাতা গিয়েছিলেন অমিত। ১০ নভেম্বর পরীক্ষার জন্য দেশে ফেরেন তিনি। গতকাল বুধবার সকালে অমিতকে বাসায় রেখে বাইরে যান তাঁর মামা কৃষাণ। পরে পুলিশ তাঁকে খবর দিলে তিনি ওই বাসায় গিয়ে অমিতের লাশ শনাক্ত করেন। অমিতকে হত্যা করার অভিযোগে তাঁর তিন বন্ধু আশরাফ আহমেদ শিহাব (২৪), রুহুল অমিন রুবেল (২৪) ও আল আমিন ইসলামকে (২৪) আটক করে পল্লবী থানায় নেওয়া হয়েছে।