পল্লবীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবীতে আজ শনিবার ভোরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দবির (৩০) নামের একজনের মৃত্যু হয়েছে। পল্লবীর বাউনিয়াবাদ এলাকায় আজ ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, নিহত দবির পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে পল্লবী থানায় আটটি মামলা ও শতাধিক সাধারণ ডায়েরি (জিডি) আছে। পল্লবী থানার ওসি জানান, একদল সন্ত্রাসী বাউনিয়াবাদ লোহারপুল এলাকায় গোপন বৈঠক করছে—এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪-এর একটি দল ভোর সাড়ে চারটার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে র‌্যাব ঘটনাস্থলে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি দবিরের বলে শনাক্ত করে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও ছয়টি গুলি উদ্ধার করে।