পল্লবীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্লবী থানার রুস্তমপুর বেড়িবাঁধ এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। র‌্যাব ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি রিভলবার, দুটি গুলি, একটি চাপাতি ও দুটি ছুরি উদ্ধার করেছে।র‌্যাব সূত্রে জানা গেছে, রাত পৌনে ১১টার দিকে চারজন ছিনতাইকারী আশুলিয়া থানা এলাকায় একটি ট্যাক্সিক্যাব থামিয়ে চালক ওয়াহেদ গাজীকে হত্যার চেষ্টা চালায়। র‌্যাব-১-এর একটি টহল দল ওই পথ দিয়ে যাচ্ছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা গাড়ি থেকে নেমে র‌্যাবের সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় র‌্যাব পাল্টা গুলি চালালে দুই ছিনতাইকারী ঘটনাস্থলেই মারা যায়। র‌্যাবের গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক ক্যাপ্টেন ওয়ালিদ মো. সাইফুল্লাহ জানান, ক্যাবচালক ওয়াহেদ গাজী তাঁদের বলেছেন, তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে আশুলিয়া হয়ে মিরপুরে তাঁর বাসায় ফিরছিলেন। আশুলিয়া থানার সীমান্তবর্তী রুস্তমপুর এলাকায় পৌঁছালে একটি ব্যক্তিগত গাড়িতে করে চার যুবক তাঁর গাড়ির গতি রোধ করে। তারা গাড়িতে উঠে তাঁর চোখ বেঁধে পেছনের আসনে নিয়ে হত্যার চেষ্টা চালায়। এ সময় র‌্যাবের সদস্যরা সেখানে উপস্থিত হলে ছিনতাইকারীরা তাঁকে রেখে পালানোর চেষ্টা করে।ওয়ালিদ জানান, ছিনতাইকারীরা পালানোর সময় র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালালে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে দুই ছিনতাইকারী ঘটনাস্থলে মারা যায়। অন্য দুজন গুলি করতে করতে পালিয়ে যায়। তিনি জানান, ঘটনার সূত্রপাত আশুলিয়া থানা এলাকায় হলেও ‘বন্দুকযুদ্ধ’ ও নিহত হওয়ার ঘটনা ঘটে রাজধানীর পল্লবী থানা এলাকায়।