পল্লবীতে সেনাসদস্য খুন, স্ত্রীর দায় স্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মিরপুরের পল্লবীতে নিজ বাসায় মো. মহসীন (৪৭) নামের এক সাবেক সেনাসদস্য খুন হয়েছেন। মহসীনকে হত্যার অভিযোগে তাঁর স্ত্রী সালেহা খাতুন শিউলী (৩৫) ও শরীফ নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।পুলিশ বলেছে, শিউলী আটক শরীফ ও ওয়ালিউল্লাহ নামের অপর এক ব্যক্তির সহায়তায় স্বামীকে খুন করার কথা স্বীকার করেছেন। পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব কুমার শীল প্রথম আলো ডটকমকে জানান, ১২ নম্বর সেকশনে ডি ব্লকের ২৬/এ-এর বাসায় সপরিবারে থাকতেন মহসীন। কোরবানির ঈদ উপলক্ষে তাঁর ছেলেমেয়েরা গ্রামের বাড়ি চাঁদপুরের মতলবে চলে যায়। ঈদের আগের দিন শুক্রবার রাতে শিউলী পল্লবী থানায় এসে বলেন, তাঁর স্বামী শাহবাগে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রাতেই শিউলীকে নিয়ে শাহবাগ এলাকা পরিদর্শন করে পল্লবী থানার পুলিশের একটি দল। দুর্ঘটনার আলামত না পাওয়ার পর অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন শিউলী। পরে পল্লবীর বাসায় তল্লাশি চালিয়ে হত্যার আলামত পায় পুলিশ।এসআই বিপ্লব জানান, মহসীনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তাঁর গলায় আঘাতের চিহ্ন ছিল। এরপর গতকাল শনিবার শিউলীকে আটক করা হয়। থানায় জিজ্ঞাসাবাদে মহসীনকে হত্যার কথা স্বীকার করেন শিউলী। তিনি জানান, শরীফ নামে এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। শরীফ ও ওয়ালিউল্লাহ নামের আরেক ব্যক্তিকে সঙ্গে নিয়ে তিনি এই হত্যাকাণ্ড ঘটান। পুলিশ শরীফকে আটক করলেও ওয়ালিউল্লাহকে আটক করতে পারেনি।এ ঘটনায় মহসীনের ভাই মজনু মিয়া পল্লবী থানায় মামলা করেছেন।এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিউলী ও শরীফ দুজনই পল্লবী থানায় আটক আছেন।