পল্লবীতে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকায় গতকাল সোমবার মধ্যরাতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আজগর আলী (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, একটি শ্যুটারগান, চারটি গুলি ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে।র‌্যাব সূত্র জানায়, গতকাল মধ্যরাতে র‌্যাব-৪-এর কাছে খবর আসে যে একদল সন্ত্রাসী মানিকদী চৌধুরীকুঞ্জ এলাকায় জড়ো হয়েছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪-এর একটি দল ওই স্থানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের বন্দুকযুদ্ধের পর সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ সময় র‌্যাব একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে ক্যান্টনমেন্ট থানার পুলিশ এসে গুলিবিদ্ধ ব্যক্তিকে শনাক্ত করে এবং তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।র‌্যাব-৪-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক রুহুল আমিন জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, একটি শ্যুটারগান, চারটি গুলি ও গুলির খালি খোসা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, নিহত আজগর আলীর একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। সে ওই বাহিনীর প্রধান। তাঁর বিরুদ্ধে চারটি হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।