পল্লি অবকাঠামো উন্নয়নে প্রত্যেক সাংসদ ১৫ কোটি টাকা পাবেন
পল্লি অবকাঠামো উন্নয়নে ব্যয়ের জন্য জাতীয় সংসদের প্রত্যেক সাংসদকে ১৫ কোটি টাকা করে দেওয়া হবে। দলমত-নির্বিশেষে সবাই এই অর্থ পাবেন। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে আজ মঙ্গলবার এ সিদ্ধান্ত হয়। পরে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সাংবাদিকদের এ কথা জানান।পরিকল্পনামন্ত্রী জানান, ইতিমধ্যে সব সাংসদেরাই প্রকল্প প্রস্তাব জমা দিয়েছেন। সেসব বিবেচনা করেই একনেকের বৈঠকে আজ এ সিদ্ধান্ত নেওয়া হয়।একনেকের বৈঠকে সাত হাজার ৮৪৪ কোটি টাকার ব্যয়সংবলিত ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।১০টি প্রকল্পের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল স্থানীয় সরকার বিভাগের অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্প। এতে ব্যয় হবে চার হাজার ৬৯১ কোটি টাকা। যার পুরোটাই সরকারি তহবিল থেকে ব্যয় হবে।সাত হাজার ৮৪৪ কোটি টাকার প্রকল্পের মধ্যে সরকারি অর্থায়নে ব্যয় হবে ছয় হাজার ৪৮০ কোটি টাকা। আর বাকি এক হাজার ৩৬৪ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে আসবে।