মাতৃদুগ্ধ সপ্তাহ ২০১০ উদ্বোধন
পল্লি এলাকায় চিকিৎসায় অবহেলা করলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পল্লি এলাকায় গিয়ে কাজ করার জন্য চিকিৎসকদের অনুরোধ করেছেন। তিনি বলেছেন, মানবিক কারণে চিকিৎসকদের এসব এলাকায় গিয়ে মানুষের সেবা করতে হবে। চিকিৎসকেরা অনুরোধ না রাখলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।গতকাল বুধবার ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০১০’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টিপ্রতিষ্ঠান।প্রধানমন্ত্রী বলেন, পল্লি এলাকায় চিকিৎসকদের বদলি করা হয়, তাঁরা সেখানে যান না। অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে একসঙ্গে অনেক চিকিৎসক কাজ করছেন। দায়িত্ব-কর্তব্য পালনের ব্যাপারে চিকিৎসকদের নিজেদের বিবেককে প্রশ্ন করতে বলেন তিনি। জনগণকে বঞ্চিত করার অধিকার আছে কি না, তা তিনি জানতে চান।শেখ হাসিনা বলেন, মানবিক কারণে চিকিৎসকদের দায়িত্ব পালন করতে হবে। জেলা ও উপজেলা পর্যায়ে যাঁকে যেখানে বদলি করা হয়, সেখানে গিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করার অনুরোধ করেন তিনি। এই অনুরোধে কাজ না হলে ওই সব চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলে তিনি উল্লেখ করেন।দেশে এ বছর প্রথম সরকারিভাবে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হচ্ছে। সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করার আগে প্রধানমন্ত্রী বলেন, কাজের প্রয়োজনে মা যেখানেই যাবেন, সেখানে যেন শিশুসন্তানকে বুকের দুধ দিতে পারেন, সেই ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, দেশের সব হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিককে শিশুবান্ধব হাসপাতাল হিসেবে ঘোষণার কাজ চলছে। ইতিমধ্যে কিছু অফিসে শিশু দিবাযত্ন কেন্দ্র চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে সব সরকারি ও বেসরকারি অফিসে শিশু দিবাযত্ন কেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।এর আগে শেখ হাসিনা বলেন, মায়ের দুধ শিশুর জন্য একমাত্র পরিপূর্ণ ও নিরাপদ খাদ্য ও পানীয়। তিনি বলেন, মা যেন সফলভাবে শিশুকে দুধ দিতে পারেন, মা যেন দুধ দেওয়ার সময় উৎফুল্ল থাকেন সে জন্য পরিবারে, হাসপাতালে ও কর্মস্থলে সহায়তা ও সহমর্মিতা দরকার। এ ব্যাপারে সন্তানের বাবার বেশি নজর দেওয়া দরকার।মাতৃত্বকালীন ছুটি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার এই ছুটি চার মাস থেকে বাড়িয়ে ছয় মাস করার উদ্যোগ নিয়েছে। তাঁর পূর্ববর্তী সরকার মাতৃত্বকালীন ছুটি তিন মাস থেকে বাড়িয়ে চার মাস করেছিল বলে তিনি উল্লেখ করেন।প্রধানমন্ত্রী বর্তমান সরকারের স্বাস্থ্য ও পুষ্টি খাতের বেশ কিছু সফল কাজের উল্লেখ করার পাশাপাশি কিছু পরিকল্পনার কথাও বলেন। তিনি বলেন, দেশের প্রতিটি হাসপাতালে একজন করে পুষ্টিবিদ নিয়োগ দেওয়া হবে। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে ব্রেস্ট ফিডিং কর্নার করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্যোগ নিতে বলেন। তিনি শিশুখাদ্য বিপণন, ১৯৮৪ অধ্যাদেশটি (গুঁড়ো দুধ ও শিশুখাদ্যের বাজারজাতকরণ ও বিপণন আইন) সংশোধন ও সঠিক বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, কৌটাজাত ও অন্যভাবে প্যাকেটজাত শিশুখাদ্য প্রস্তুতকারী ও বাজারজাতকারীরা আকর্ষণীয় মোড়ক ব্যবহার করে, বিজ্ঞাপন দিয়ে শিশুদের মা-বাবাকে বিভ্রান্ত করেন। তিনি বলেন, এ ব্যাপারে সঠিক তথ্য ও ধারণার জন্য পরিবেশ তৈরি করা প্রয়োজন।বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের সভাপতি এস কে রায় অনুষ্ঠানে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের এ বছরের প্রতিপাদ্য উপস্থাপন করেন। তিনি সফলভাবে মায়ের দুধ খাওয়াতে ১০টি শিশুবান্ধব পদক্ষেপের উল্লেখ করেন। এর মধ্যে মায়ের দুধ খাওয়ানো বিষয়ে নীতিমালা স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত ব্যক্তিদের জানানো, প্রশিক্ষণ, সচেতনতা বৃদ্ধি, মা ও পরিবারকে সহযোগিতা প্রদান, পাড়ায় পাড়ায় শিশুকে মায়ের দুধ খাওয়ানোর সহযোগী দল গঠন করা উল্লেখযোগ্য।