পল্লি এলাকায় দায়িত্ব পালনে অনিচ্ছুক চিকিৎসকদের প্রতি প্রধানমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেসব চিকিৎসক পল্লি এলাকায় জনগণকে নিয়মিত স্বাস্থ্যসেবা প্রদানে অনিচ্ছুক, তাঁদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি আপনাদেরকে পল্লি এলাকায় অবস্থান এবং সেখানে নিষ্ঠার সঙ্গে পবিত্র দায়িত্ব পালনের অনুরোধ জানাচ্ছি। যেসব চিকিৎসক আমার এই অনুরোধ উপেক্ষা করবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব।’প্রধানমন্ত্রী আজ বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০১০’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। দেশে প্রথমবারের মতো বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০১০ সরকারিভাবে পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী গত বছর দিবসটি পালনের নির্দেশ দিয়েছিলেন। খবর বাসস।নবনিযুক্ত চিকিৎসকেরা অনেকে উপজেলা পর্যায়ে নিয়োগ পাওয়ার পর সেখানে না যাওয়ায় ওই এলাকার জনগণ যথাযথ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এ কারণে প্রধানমন্ত্রী তাঁদের সতর্ক করে দেন। এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, পল্লি এলাকায় চিকিৎসদের অবস্থানের মেয়াদ ও চাকরির বয়সের ওপর তাঁদের পদোন্নতি নির্ভর করবে।প্রধানমন্ত্রী মায়েদের প্রতি তাঁদের শিশুদের বুকের দুধ খাওয়ানোর আহ্বান জানিয়ে বলেন, মায়ের দুধ খাওয়ালে মানসিক ও শারীরিক দিক থেকে শিশু সুস্থ ও সবলভাবে বেড়ে উঠবে। মায়েরা যাতে তাঁদের শিশুদের বুকের দুধ খাওয়াতে পারেন, তার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি এ ব্যাপারে মায়েদের প্রতি আরও সহানুভূতিশীল ও যত্নবান হওয়ার আহ্বান জানান।এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট সব হাসপাতাল, অফিস, শপিংমল ও অন্যান্য গুরুত্ব্বপূর্ণ স্থানে ব্রেস্ট ফিডিং কর্নার চালু করার আহ্বান জানান, যেখানে মায়েরা তাঁদের শিশুদের স্বাচ্ছন্দ্যে বুকের দুধ খাওয়াতে পারেন।প্রধানমন্ত্রী বলেন, সব হাসপাতাল, স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিককে শিশুবান্ধব হিসেবে ঘোষণার কার্যক্রম চলছে। ইতিমধ্যে কিছু অফিসে ডে-কেয়ার সেন্টার চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে তা সব সরকারি ও বেসরকারি অফিসে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।মাতৃত্বকালীন ছুটি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার এই ছুটি চার মাস থেকে বাড়িয়ে ছয় মাস করার উদ্যোগ গ্রহণ করেছে। তাঁর পূর্ববর্তী সরকার মাতৃত্বকালীন ছুটি তিন মাস থেকে বৃদ্ধি করে চার মাস করেছিল বলে তিনি উল্লেখ করেন।অন্যান্যের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী ডা. এ এফ এম রহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক দিলরুবা এবং স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. মনির হোসেন অনুষ্ঠানে বক্তৃতা করেন।